খবর বাংলা ডিজিটাল ডেস্ক : পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলার দিনক্ষণ নির্ধারণে এবার তৈরি কমিটি। বিচারপতি বিশ্বনাথ রথের তত্ত্বাবধানে ১৬ সদস্যের এই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। ভাণ্ডারে কত রত্ন রয়েছে, তা জানতে উদগ্রীব জগন্নাথ ভক্তেরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কমিটির প্রধান বলেন, 'সরকার আমায় একটি দায়িত্ব দিয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করব এই দায়িত্ব পালন করার।'
বিচারপতি বিশ্বনাথ রথ জানিয়েছেন, এই রত্ন ভাণ্ডার সোনাদানার হিসেব নিকেশ করার কাজ মোটেও সহজ হবে না। কারণে ৪৬ বছর আগে ১৯৭৮ সালে শেষবার এই ভাণ্ডার খোলা হয়েছিল। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ জানিয়েছে, রত্ন ভাণ্ডারের ভিতরের দেওয়ালে অবিলম্বে সংস্কারের প্রয়োজন রয়েছে।
৬ জুলাই, শনিবার রত্ন ভাণ্ডার নিয়ে গঠিত এই কমিটি প্রথম বৈঠকে বসবে। সেখানেই রত্ন ভাণ্ডার খোলার দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই রত্ন ভাণ্ডার খোলার প্রক্রিয়ার সময় কোনওভাবেই যাতে জগন্নাথদেবের পুজার্চনা এবং দর্শনে ব্যাঘাত না ঘটে সে ব্যবস্থাও করা হবে।
বিচারপতি বিশ্বনাথ রথের তত্ত্বাবধানে ১৬ সদস্যের এই কমিটিতে রয়েছেন ড. সিবিকে মোহান্তি, সিএ রাজীহ সাহু, জগদীশ মোহান্তি, স্বামী প্রজ্ঞানন্দজি, পুরীর জেলাশাসক এবং শ্রীমন্দিরের মুখ্য প্রশাসক। হরিহর হোতা, পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক, জনার্দন পট্টজোশী মহাপাত্র, জগন্নাথ দশমহাপাত্র, সৌমেন্দ্র মুদুলি, মধুসূদন সিংহরি, অবসরপ্রাপ্ত IPS প্রকাশ মিশ্র এবং ASI-এর প্রতিনিধি।