নির্বাচনের আগে অন্ধকারে ডুববে বাংলাদেশ?বিদ্যুৎ বাবদ বিপুল বকেয়া, কড়া চিঠি আদানি গোষ্ঠীর


বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আদানি গোষ্ঠীর পাঠানো একটি চিঠিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) ও আদানির পাওয়ারের মধ্যে আর্থিক বিরোধ। বকেয়া অর্থ পরিশোধের দাবি জানিয়ে পিডিবিকে চিঠি পাঠিয়েছে আদানি গ্রুপ। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে, নির্ধারিত অর্থ না মেটালে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।

বাংলাদেশের প্রথম আলো (Prothom Alo)-র প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ জানুয়ারি আদানি পাওয়ার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ পিডিবি-র চেয়ারম্যানকে এই চিঠি পাঠান। চিঠিতে জানানো হয়, বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন পরিচালনা বজায় রাখতে অবিলম্বে ১১ কোটি ২৭ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১,০০০ কোটি টাকা) পরিশোধ করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোট বকেয়া অর্থের মধ্যে গত বছরের জুন পর্যন্ত পাওনা রয়েছে ৫ কোটি ৩২ লক্ষ মার্কিন ডলার। পাশাপাশি, অক্টোবর পর্যন্ত সরবরাহ করা বিদ্যুৎ পরিষেবার জন্য আরও ৫ কোটি ৯৬ লক্ষ মার্কিন ডলার বকেয়া রয়েছে। একাধিকবার এই অর্থ পরিশোধের অনুরোধ জানানো হলেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখনও তা মেটাতে পারেনি বলে দাবি আদানি গোষ্ঠীর।

আদানি গ্রুপ তাদের চিঠিতে জানায়, বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত বকেয়া ক্রমশ বাড়তে থাকায় তা বজায় রাখা নিয়ে তীব্র চাপ তৈরি হচ্ছে। ফলে নির্ধারিত অর্থ পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহ, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহের কাজে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

উল্লেখ্য, গত বছরও একইভাবে বকেয়া অর্থ পরিশোধের দাবিতে বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছিল আদানি গোষ্ঠী। তখন পিডিবিকে ১০ নভেম্বরের মধ্যে অর্থ মেটানোর সময়সীমা দেওয়া হয়েছিল এবং স্পষ্টভাবে জানানো হয়েছিল, টাকা না পেলে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। সেই পরিস্থিতিতে নভেম্বর মাসে বাংলাদেশ সরকার আদানিকে ১০ কোটি মার্কিন ডলার পরিশোধ করে। তবে ডিসেম্বর থেকেই ফের বকেয়া বাড়তে শুরু করে।

Post a Comment

Previous Post Next Post