ভাইরাল ভিডিও বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি — সিউড়িতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ
বীরভূম: রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের হওয়ার পর এবার সিউড়ি থানায়ও বিধায়ক হুমায়ুন কবির-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ল। অভিযোগ দায়ের করেছে Rashtriya Alpsankhyak Aarakshan Morcha।
মোর্চার সদস্যদের দাবি, বাবরি মসজিদ নির্মাণের প্রসঙ্গ সামনে এনে মুসলিম সমাজের ধর্মীয় আবেগকে ব্যবহার করা হচ্ছে। তাদের অভিযোগ, বাস্তবে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা নেই; বরং এর আড়ালে প্রায় ১০০০ কোটি টাকার বড়সড় আর্থিক লেনদেন বা ডিলের বিষয় সামনে এসেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একটি ১৭ মিনিটের ভাইরাল ভিডিও রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগকারীদের দাবি, ওই ভিডিওতে এক হাজার কোটি টাকার লেনদেন এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করার উদ্দেশ্যে নানা বক্তব্য উঠে এসেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
মোর্চার পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ধর্মীয় ইস্যুকে সামনে রেখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং এর মাধ্যমে সমাজে বিভাজনের রাজনীতি উস্কে দেওয়া হচ্ছে। তাদের দাবি, এই ধরনের বক্তব্য গোটা বিশ্বের মুসলিম সমাজের আত্মসম্মানেও আঘাত করেছে।
রাজ্যের বিভিন্ন থানায় একই ধরনের অভিযোগ দায়েরের পর সিউড়িতেও অভিযোগ জমা পড়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।