ক্ষমতায় এলে সাংবাদিকদের ৫০০০ টাকা মাসিক ভাতা দেবে বিজেপি, ঘোষণা শমীক ভট্টাচার্যের


নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার সংবাদমাধ্যমের কর্মীদের জন্য বড়সড় সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দিল বিজেপি। শনিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ঘোষণা করেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে যোগ্য সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হবে।

শমীক ভট্টাচার্যের দাবি, বর্তমান সরকারের আমলে সুযোগ-সুবিধা কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে। অনেক সাংবাদিক অত্যন্ত প্রতিকূল ও আর্থিক অনটনের মধ্যে কাজ করছেন। বিজেপি ক্ষমতায় এলে কোনও পক্ষপাতিত্ব ছাড়াই এই মাসিক ভাতা প্রদান করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসকদলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা যেমন বিজেপি ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড এনেছে, তেমনই এই ঘোষণার মাধ্যমে সচেতন ও বুদ্ধিজীবী মহলের সমর্থন আদায়ের কৌশল নিয়েছে গেরুয়া শিবির।

ভারতবর্ষের একাধিক রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন বা ভাতার ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। হরিয়ানায় সাংবাদিকদের মাসিক ১০ হাজার টাকা পেনশন দেওয়া হয়। রাজস্থান ও উত্তরপ্রদেশে প্রবীণ সাংবাদিকদের জন্য বিশেষ পেনশন ও সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে এবং অসম ও তামিলনাড়ুতে সাংবাদিকদের এককালীন ও মাসিক আর্থিক সহায়তার সুবিধা দেয় এই রাজ্যগুলি।

প্রসঙ্গত উল্লেখ্য, সাংবাদিকদের সুবিধা দেওয়ার ইতিহাস অবশ্য নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সাংবাদিকদের রেল টিকিটে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করেছিলেন। আবার উত্তরপ্রদেশে প্রবীণ সাংবাদিকদের জন্য সরকারি বাংলোর ব্যবস্থাও ছিল।

শমীক ভট্টাচার্য এদিন বর্তমান সরকারকে কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তৃণমূলের সরকার চালিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার গড়তে পারেননি।” সেই ধারা বদলে সাংবাদিকদের সামগ্রিক উন্নয়ন ও আর্থিক সুরাহা দেওয়াই বিজেপির লক্ষ্য বলে তিনি জানান। ভোটের মুখে এই মেগা ঘোষণা সংবাদমাধ্যম মহলে যথেষ্ট চর্চার জন্ম দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post