কিছু সময় আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করে গেছেন বাঁকুড়ার পত্রসায়ারে। আদিত্যনাথ সভা করে ফিরে যাওয়ার পরে বিজেপি সমর্থকরা বাসে করে ফিরে যান। অভিযোগ, সভা শেষে বাড়ি ফেরার পথে সোনামুখী থানার ধানশিমলা মোড়ের কাছে বিজেপি কর্মীদের ওপর পাথর ছুঁড়ে হামলা চালায় তৃণমূলের কর্মীরা, চলন্ত বাসের কাচ ভেঙে যায়। ঘটনায় একাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। তিনি পরিস্থিতি সামাল দিয়ে কর্মীদের নিরাপদে নির্বাচনী কার্যালয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তৎক্ষণাৎ মোতায়েন হয় সিআরপিএফ বাহিনী। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
দিবাকর ঘরামি বলেন, তৃণমূল বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নেই। তাই তারা লুকিয়ে পাথর ছুড়ছে। সাহস থাকলে মুখোমুখি আসুক। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি দিব্যেন্দু সেন বলেন, ঢিল ছোঁড়ার কোনো ঘটনাই ঘটে নি। মিথ্যা প্রচার করে খবরে আসতে চাইছে। যোগীর সভায় কোনো লোকই হয়নি। তাই সে দিক থেকে মুখ ঘোরানোর জন্য মিথ্যা কথা বলছে।