'এত সাহস, আমার সঙ্গে কথাও বলে না !' মমতা বন্দোপাধ্যায়ের নিশানায় কে ?



দুর্গাপুর : গরমের সঙ্গেই চড়ছে ভোট-রাজনীতির পারদ। আজও একে অপরের বিরুদ্ধে নিশানা শানাল তৃণমূল ও বিজেপি। এদিন ফের একবার নির্বাচন কমিশন এবং সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নাম না করে সরব হলেন তৃণমূলনেত্রী। দুর্গাপুর পশ্চিমের চতুরঙ্গ ময়দানের জনসভা থেকে তিনি হুঙ্কার দিয়ে বলেন, "আমার সঙ্গে কথাও বলে না। এত সাহস ! আমি এখনও নির্বাচিত মুখ্যমন্ত্রী আছি।" তাঁর কথায়, "সব অফিসার বদলি। আমার আন্ডারে সব কেড়ে নিয়েছে। এটা সুপার এমার্জেন্সি করে দিয়েছে। ভ্যানিশ কুমার আর বিজেপি মিলে। বিজেপি যা বলছে, তা-ই তোতাপাখির বুলি ! একেবারে বেড়ে খেলছে। কেউ কেউ তো বেড়ে খেলছে। যেন মনে হচ্ছে, শুধু নিজেকে বাঁচানো, আর সংসার বাঁচানো। আর বিজেপির দালালি করা যাতে পরে ভবিষ্যতে কেউ কেউ কোনও পদ পেতে পারেন। দালালি করতে গিয়ে চিফ সেক্রেটারি বদলেছে বাংলার। মনে রাখবেন, আমার সঙ্গে কথাও বলে না। এত সাহস ! আমি এখনও নির্বাচিত মুখ্যমন্ত্রী আছি। হোম সেক্রেটারি বদলেছে। ডিজি বদলেছে, পুলিশ কমিশনারদের বদলেছে। ডিএমদের বদলেছে। বেছে বেছে বিজেপির লোক এনে বসিয়েছে।" SIR-এ নাম বাদ পড়া নিয়ে এদিনও সরব হন তৃণমূলনেত্রী। তিনি বলেন, "কাটল ভোট। কোর্টেও পর্যন্ত গেলাম। বিচার চাইতে। ৩২ লক্ষ লোকের নাম উঠল। এখনও অনেক বাকি আছে। বিজেপি আগে জবাব দাও, হিম্মত আছে তো '২৪-এর লিস্টে ভোট করাও। নাম কেটে ভোট করাবে না। আর তা নাহলে তোমাদের প্রধানমন্ত্রী এই লিস্টে জিতেছেন, পদত্যাগ করুক। সবাই অনুপ্রবেশকারী ? দুর্গাপুরের লোকেরাও অনুপ্রবেশকারী ? বর্ডারের লোকেদের বলে অনুপ্রবেশকারী, আপনারাও অনুপ্রবেশকারী ? মানুষকে অসম্মান করার একটা লিমিট তো আছে। এর বিরুদ্ধে মাথা তুলবেন না ? এখনও জাগবেন না ?"
কমিশন ও বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে মমতা বলেন, "আজ আমার কাছে খবর এল, সিএস-ডিজিরা যাচ্ছেন জেলায় জেলায়। গিয়ে, অন্যান্য যারা আছেন জেলা প্রশাসনে, তাঁদের গিয়ে বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের যারা বুথ এজেন্ট হবেন, যারা গুরুত্বপূর্ণ কর্মী আছেন, তাঁদের সবাইকে গ্রেফতার করতে হবে গাঁজা কেসে। আমি বলি, নিজেরা অনেক গাঁজা খাও তো...তাই গাঁজা কেস খুঁজছো ? লজ্জাও করে না ! রিটায়ার্ড দুটো অফিসার এখানে বসে আছেন...নির্লজ্জ, বেহায়া। বলছে, মধ্যরাতে অপারেশন করে তৃণমূলের গুরুত্বপূর্ণ কর্মীদের গ্রেফতার করো। কেউ ভয় পাবেন না। বলছে, ভোটের দিন বিজেপির লোকেরা নির্বাচন কমিশনের লোক সেজে মনিটরিং সেলে বসে থাকবেন। দালালগুলো। যাদের নিজেদের চরিত্রের ঠিক নেই তারা অন্যের কথা বলে ! সারা পৃথিবীর মানুষ যানে এদের কী চরিত্র।"

Post a Comment

Previous Post Next Post