হালিশহর থানার লকআপে অস্বাভাবিক মৃত্যু, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
উত্তর ২৪ পরগনা: হালিশহর থানার লকআপে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তি বিরজু কেওট। তিনি কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বলে জানা গিয়েছে।
পরিবারের অভিযোগ, থানার লকআপের মধ্যেই পুলিশ তাঁকে মারধর করে হত্যা করেছে। যদিও পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, বিরজু কেওটের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে হালিশহর থানায় রাখা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ভোররাতে লকআপের ভিতরে বিরজুকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর দ্রুত তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। তবে লকআপের মধ্যে তাঁর মৃত্যু কীভাবে হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে সরাসরি মারধর করে হত্যার অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, লকআপে থাকা অবস্থায় বিরজুর উপর শারীরিক নির্যাতন করা হয়েছিল।
ঘটনাকে কেন্দ্র করে হালিশহর থানার সামনে উত্তেজনা ছড়িয়েছে। একদিকে পুলিশের দাবি, অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে, অন্যদিকে পরিবারের তরফে উঠছে পুলিশি নির্যাতনের গুরুতর অভিযোগ। ফলে ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।