নেপালে বিপর্যয়ের পরে তিন মাস হতে চলল, এখনও খোঁজ নেই শর্মিষ্ঠার, সমাজমাধ্যমে কী লিখলেন স্বামী শুভ্রাংশু?



নেপালে বিপর্যয়ের পর তিন মাস হতে চলল, এখনও খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়ের (Sharmistha Bhowmik Roy)। স্বামী শুভ্রাংশু রায় (Subhranshu Roy) এর আগে জানিয়েছিলেন যে, তাঁর বিশ্বাস, শর্মিষ্ঠা সুস্থই রয়েছেন। চিন-তিব্বত সীমান্তে কোনও জায়গায় রয়েছেন সম্ভবত। কিন্তু তার পরেও প্রায় মাস দুয়েক কেটে গিয়েছে। এখনও স্ত্রীর খোঁজ মেলেনি। হদিশ পেতে সমাজমাধ্যমে তিনি নিয়মিত শর্মিষ্ঠার নাম-ছবি পোস্ট করেন। যদি কারও কাছে কোনও তথ্য থাকলে তা যাতে জানানো হয়, তার জন্য একটি ফোন নম্বরও শেয়ার করেন শুভ্রাংশু।

‘চলো যাই’ নামে কলকাতার একটি পর্যটন সংস্থা ৩২ জনের একটি দলকে নিয়ে গত ২১ অগস্ট নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল। ওই পর্যটকদলের গন্তব্য ছিল মানসরোবর। শুভ্রাংশু জানান, শর্মিষ্ঠা ওই দলেই ছিলেন। নেপালে একাই গিয়েছিলেন তিনি। কিন্তু বিপর্যয়ের পর থেকে তাঁর আর খোঁজ নেই (Nepal Disaster Missing Persons)। নেপালে গিয়ে রাজ্যের যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের খোঁজ পেতে সব রকম পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সরকারি তরফেও এখনও সদর্থক খবর মেলেনি বলেই পরিবার সূত্রে খবর।

শুভ্রাংশু সমাজমাধ্যমে শর্মিষ্ঠার নিখোঁজ পোস্টার করে থাকেন নিয়মিত। সেখানে কিছু তথ্যও রয়েছে। বলা হয়েছে, যে দিন হড়পা বান আছড়ে পড়েছিল নেপালে, সেই দিন অর্থাৎ গত ২৬ অগস্ট তিব্বত সীমান্তের কাছে গিরং পোর্টের কাছে সকাল পৌনে ৯টা নাগাদ শেষ বার দেখা গিয়েছিল শর্মিষ্ঠাকে। শুভ্রাংশুর আবেদন, যদি কারও কাছে তাঁর স্ত্রীর ব্যাপারে কোনও তথ্য থাকে, তা যেন 9051377068 নম্বরে ফোন করে জানানো হয়।

শর্মিষ্ঠার মতোই খড়্গপুর থেকে শিলিগুড়ি, বর্ধমান থেকে দুর্গাপুর, কলকাতা থেকে বাঁকুড়া—নেপালে নিখোঁজ হওয়া সকল পরিবারেই একই অবস্থা। আন্তর্জাতিক আইন, কূটনৈতিক জটিলতা এবং নেপাল সরকারের প্রশাসনিক নিয়মের বেড়াজালে আটকে পড়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন নিখোঁজ পর্যটক ও শ্রমিকদের পরিজন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু নবান্নে নিখোঁজ পরিবারগুলির সঙ্গে বৈঠক করে সাধ্য মতো সহায়তার আশ্বাস দিলেও, প্রশাসনিক ও আন্তর্জাতিক নিয়মকানুনের জেরে কাটছে না জট।

Post a Comment

Previous Post Next Post