পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর


কলকাতা: আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী । আরও ৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হল দ্বিতীয় কিস্তির টাকা ।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর থেকেই আগের সরকারের কড়া সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী । শুক্রবার ফের আবাস যোজনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে কাঠগড়ায় তুললেন তিনি ।
নবান্নের সভাঘর থেকে শুভেন্দু বলেন, ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গিয়েছিল । 'বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে হয়েছে পশ্চিমবঙ্গ আবাস যোজনা । পালাবদলের আগে বলা হয়েছিল, সরকার বদলে গেলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না । আমরা সেই ধারণা ভুল প্রমাণ করেছি । যাঁদের বাড়ির কাজ অসম্পূর্ণ ছিল, সেই কাজ শেষ হোক, এটা আমরা চাই ।''

তবে কেউ অন্যায়ভাবে সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকলে তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু । বলেছেন, ''যাঁরা বেআইনিভাবে টাকা পেয়েছেন, ফেরত দিন । না হলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে । ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার নামে এই টাকা দেওয়া হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।'' তিনি বলেন, "বেআইনিভাবে যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের মধ্যে এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন । বাকি ১১ হাজার ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দিন ।'' 

নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, ''বালির দাম যাতে ১২০০ টাকার বেশি না হয়, সেদিকে নজর দেওয়া হবে । ১৭ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষকে দুই কিস্তিতে সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া হল । এঁদের সূর্যঘর ।''

এরপরই শুভেন্দুর ঘোষণা, ''পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে । পঞ্চায়েত আইন বদলে দেওয়া হয়েছে । যেখানে পঞ্চায়েত প্রধানরা সহযোগিতা করবেন না...সেখানে পঞ্চায়েত সচিবরা কাজ চালাবেন ।''

পুলিশ-মিত্র অ্যাপ চালু

পুলিশ বাহিনীর আধুনিকীকরণে কেন্দ্র-রাজ্য মউ স্বাক্ষর হল শুক্রবার । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ''পুলিশ অফিসারদের আধুনিক সরঞ্জাম দেওয়া প্রয়োজন । পুলিশ-মিত্র অ্যাপ চালু করা হল । বিভিন্ন এলাকার দায়িত্বে কোন অফিসার রয়েছেন তা এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন এলাকার মানুষ ।''

Post a Comment

Previous Post Next Post