এই অংশে ১০ অক্টোবর মহালয়ার দিন থেকে ট্রায়াল রান শুরু হয়েছে। এখনও ট্রায়াল রান চলছে। জানা যাচ্ছে, বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই সম্প্রসারিত অংশে মেট্রো চলাচলে সবুজ সংকেত দেবেন প্রধানমন্ত্রী। তার ফলে, নিউ গড়িয়া থেকে সরাসরি মেট্রো পৌঁছাবে সেক্টর ফাইভ পর্যন্ত। সেক্টর ফাইভে যাত্রীরা নেমে সঙ্গে সঙ্গে ব্লু লাইনে মেট্রো ধরতে পারবেন। যে ব্লু লাইন সরাসরি পৌঁছেছে শিয়ালদা হয়ে একেবারে হাওড়া পর্যন্ত। ফলে, কলকাতা মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ হতে চলেছে। পরবর্তী ধাপে সেক্টর ফাইভ থেকে এই মেট্রো পৌঁছাবে বিমানবন্দর পর্যন্ত।
আপাতত সেক্টর ফাইভ থেকে বেলেঘাটা পর্যন্ত যদি সংযোগ স্থাপন করা যায়, তাহলে নিউ গড়িয়া থেকে সরাসরি যাত্রীরা পৌঁছাতে পারবেন সেক্টর ফাইভ পর্যন্ত। ফলে, বেলেঘাটার যানজট কমবে। যাত্রী চলাচলে সুবিধা হবে এবং সেইসঙ্গে মানুষ সেক্টর ফাইভ থেকে সরাসরি পৌঁছে যেতে পারবেন নিউ গড়িয়া। এমনকী সেক্টর ফাইভ থেকে তাঁরা সরাসরি পৌঁছে যেতে পারবেন হাওড়া পর্যন্ত। ফলে, ২১ তারিখে প্রধানমন্ত্রী যদি তা উদ্বোধন করেন, তাহলে মেট্রো নেটওয়ার্কে এটা একটা বড়সড় পরিবর্তন আসবে। যা সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে।