### কেকেআরের ছেড়ে দেওয়া মুস্তাফিজুর এই আইপিএলেও নেই! নিলামে নাম লিখিয়েও কি সরে দাঁড়ালেন বাংলাদেশের পেসার?
আইপিএলের নিলামকে ঘিরে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। সপ্তাহ দুয়েক আগে খবর ছড়িয়েছিল, আসন্ন আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। কিন্তু বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিলামের জন্য ১২২৭ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করার পর দেখা গেল, সেই তালিকায় নেই মুস্তাফিজুর রহমানের নাম। তা হলে কি নিলামে নাম নথিভুক্ত করেও শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন বাংলাদেশের তারকা পেসার? নাকি অন্য কোনও কারণে তালিকা থেকে বাদ পড়লেন তিনি? এই প্রশ্ন ঘিরেই এখন ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা।
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। নিলামে তাঁকে দলে নিয়েছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজি। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের টানাপড়েনের আবহে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। সেই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এমনকি মুস্তাফিজুরকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও নতুন করে বিতর্ক তৈরি হয়।
এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কঠোর অবস্থান নেয়। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও আপত্তি সামনে আসে। মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও ক্রীড়া মহলে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। ফলে আইপিএলের আগামী মরশুমে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছিল নানা প্রশ্ন।
এ বার আইপিএলের নিলামের তালিকা প্রকাশ হওয়ার পর সেই জল্পনাই আরও বেড়েছে। বুধবার প্রকাশিত ১২২৭ জন ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের মোট ১২ জন ক্রিকেটারের নাম রয়েছে। কিন্তু সেই তালিকায় নেই মুস্তাফিজুর রহমান। সপ্তাহ দুয়েক আগে নিলামে নাম লেখানোর খবর সামনে আসার পর তাঁর নাম চূড়ান্ত তালিকায় না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে নিলাম থেকে বাদ পড়লেন তিনি?
বিসিসিআইয়ের প্রকাশিত তালিকায় বাংলাদেশের যে ১২ জন ক্রিকেটার রয়েছেন, তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামিম হোসেন, শোরিফুল ইসলাম, তানজিম হাসান শাকিব, তৌহিদ হৃদয়, মহম্মদ রুবেন এবং তাসকিন আহমেদ। প্রত্যেকেই বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিত মুখ। দেশের হয়ে নিয়মিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনও তাঁদের কেউই আইপিএলে খেলার সুযোগ পাননি।
মুস্তাফিজুরের নাম তালিকায় না থাকায় তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে আপাতত অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি নিজে নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন, নাকি কোনও প্রশাসনিক কারণে তাঁর নাম চূড়ান্ত তালিকায় জায়গা পায়নি, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে না আসা পর্যন্ত ধোঁয়াশা কাটছে না।
অন্যদিকে, বাংলাদেশের বাকি ১২ ক্রিকেটারের জন্য আইপিএলের নিলাম নতুন সুযোগ তৈরি করতে পারে। তাঁদের মধ্যে কয়েকজন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়মিত পারফর্ম করছেন। নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁদের দিকে নজর দেয় কি না, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।