কী বললেন শুভেন্দু
শুভেন্দু বলেন, ‘মানুষ চেয়েছিল এমন সরকার আসুক, যারা হাজার হাজার বছরের ভারতীয় পরম্পরা, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু যেন ফিরিয়ে আনতে পারে। নাস্তিক কমিউনিস্ট। বই বিক্রি করতে ওস্তাদ। টিকা লাগাতে গেলে কপাল সরিয়ে নেবে। হাতে সুতো বাঁধতে যাবেন, সরিয়ে নেবে। এরা এখন বলছে, ‘মুখ্যমন্ত্রী আমাদের অ্যাটাক করছে কেন?’ ৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট আর ১৫ বছরের জামাত তৃণমূল, দু’টোকেই মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার কাজ মুখ্যমন্ত্রী করবেন। যাতে এরা মাথা তুলতে না পারে। ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের পরম্পরা, ঐতিহ্য সব নষ্ট করেছে। সকলেই জানেন।’
এক নজরে
হাওড়ার কাজিপাড়ায় ছটপুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আগের দুই সরকার (বাম ও তৃণমূল) বাংলার হাজার বছরের ভারতীয় পরম্পরা ও সংস্কৃতিকে সরিয়ে রেখেছিল।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগে বিভিন্ন ভাবে পুজোর আয়োজন আটকানো হলেও বর্তমান সরকারের আমলে এ বছর রাজ্যে অনেক বেশি দুর্গাপুজো ও কালীপুজো নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, ভারতীয় নাগরিকদের মধ্যে এই সরকার কোনও ভেদাভেদ করে না, তবে পশ্চিমবঙ্গে কোনও ভাবেই মৌলবাদ, উগ্রবাদ চলতে দেওয়া হবে না।
গত ১২ বছর ধরে আটকে থাকা হাওড়া পুরসভার নির্বাচন প্রক্রিয়ায় মামলার জট কাটাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
হাওড়া পুরসভার পরিষেবা ও প্রশাসনিক কাজ সচল রাখতে আগামী ১ ডিসেম্বর থেকে কো-অর্ডিনেটর বসানো হবে বলে হাওড়ার সভা থেকে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।
‘উগ্রবাদ-জঙ্গিবাদ পশ্চিমবঙ্গে চলবে না’
রামনবমীতে পাথর ছোড়া হতো বলেও অভিযোগ করে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘এখন কোথাও কোনও সমস্যা নেই। যারা ভারতীয়, তাদের সঙ্গে এই সরকারের কোনও ভেদাভেদ নেই। তবে মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ এ এসব পশ্চিমবঙ্গে চলবে না। এই পশ্চিমবঙ্গের মানুষ ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন, তা আমরা করতে চাই।’ জানান, এ বছর রাজ্যে আগের তুলনায় অনেক বেশি দুর্গাপুজো ও কালীপুজোর আয়োজন হয়েছে। আগে তৃণমূল সরকার বিভিন্ন ভাবে পুজোর আয়োজন আটকে রাখত বলেও অভিযোগ করেন তিনি।
হাওড়ার ভোট নিয়ে বড় বার্তা
হাওড়ায় দাঁড়িয়েই পুরভোট নিয়ে শুভেন্দুর আশ্বাস, ১ ডিসেম্বর থেকে কো-অর্ডিনেটর বসানো হবে। তিনি জানান, ১২ বছর হাওড়া পুরসভায় ভোট হয়নি। ডিলিমিটেশন করে বর্তমান সরকার কলকাতা ও হাওড়ায় ভোটের প্রস্তুতি নিতেই কোর্টে মামলা করা হয়েছে। শুভেন্দু জানান, এ নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন তিনি।