ক্রমশ শক্তি বৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘মুরাসু’। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সোমবার মাঝরাতের পর অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের কাছে ল্যান্ডফলের সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ হবে বাংলা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বাংলায় সরাসরি ‘মুরাসু’র কোনও প্রভাব পড়বে না। তবে বাংলায় আগামী সোম ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এদিন প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে ১-২ জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে। সোম এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। শনিবার পর্যন্ত তেমন আর বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে সোম এবং মঙ্গলবার সব জেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এক-দু’জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ ৯-১০ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।