খবর বাংলা ডিজিটাল ডেস্ক : চলতি টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বল বিকৃতির গুরুতর অভিযোগ করলেন ইনজামাম উল হক। তিনি পাক টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতের পেসার আর্শদীপ সিংয়ের নামে বল বিকৃতির অভিযোগ এনেছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ‘‘আর্শদীপ কী করে প্রথম ওভার থেকে রিভার্স সুইং করছে! আমরা তো এতদিন জেনে এসেছি, বল যত পুরনো হবে, তত রিভার্স সুইং ভাল হবে। কিন্তু ম্যাচের শুরু থেকে কেউ রিভার্স সুইং করছে, আমি অন্তত দেখিনি।’’
তারপরেই ইনজি বলেছেন, ‘‘আর্শদীপ যখন বোলিং করবে, সেইসময় ভাল করে লক্ষ্য রাখা উচিত। আম্পায়াররা কী চোখে দেখতে পান না!’’ এই কথা বলার পরেই ইনজির ওপর চটেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের একাংশ। তাঁরাও পালটা বলেছেন, ‘‘আপনি কি খুব হতাশার মধ্যে রয়েছেন? না হলে নিজের দলের সমালোচনা না করে পরের দলকে নিয়ে পড়লেন কেন?’’
পাকিস্তানের নামী প্রাক্তন তারকার ব্যাখ্যা, ‘‘আর্শদীপ যদি ম্যাচের ১৫ বা ১৬ ওভার থেকে রিভার্স সুইং করত, কিছু বলার থাকত না। কিন্তু শুরু থেকে সেটি করলে সন্দেহ হতে বাধ্য।’’ ইনজির ধারণা, ভারতীয় দল বল বিকৃতি করছে। হয়তো আর্শদীপ করছে না, দলের মধ্যে অন্য কেউ বিকৃতি ঘটিয়ে তাকে দিচ্ছে। সেইজন্যই ভারতীয় দলের ম্যাচ হলে আম্পায়ারদের চোখ-কান খুলে রাখতে বলেছেন পাকিস্তানের পূর্বতন নির্বাচকপ্রধান।
তাঁর বক্তব্য, ‘‘এইভাবে যদি একটা দল আইসিসি-র থেকে সুবিধে পেতে থাকে, বাকি দলগুলি একদিন বিদ্রোহ ঘোষণা করবে। ইনজির তির যে রোহিতদের দলের দিকে, সেটি বুঝতে কারও বাকি নেই। ’’
চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন এই তরুণ পেস বোলার। তিনি সর্বাধিক উইকেটশিকারির দৌড়ে রয়েছেন। বুমরার মতো অভিজ্ঞ পেসারের পাশে মানিয়ে গিয়েছেন তিনি। রোহিতদের দলের অন্যতম সম্পদ ২৩ বছরের নবীন তারকা।