মেয়াদ শেষ! আন্তর্জাতিক ক্রিকেটে নীরবেই ‘প্রাক্তন’ ওয়ার্নার


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : অনেক আগেই ঘোষণা করে রেখেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ভারতের বিরুদ্ধে ম্যাচের পরও অবশ্য ওয়ার্নারকে প্রাক্তনের তালিকায় ফেলা যায়নি। এত তাড়াতাড়ি তাঁকে প্রাক্তন হতে হবে, সেই আশাও যেন ছিল না। বিশ্বকাপে ভালোই খেলছিল অস্ট্রেলিয়া। ২০২১ সালের চ্যাম্পিয়ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং গত ওয়ান ডে বিশ্বকাপও। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো কিছুরই প্রত্যাশায় ছিল অজি শিবির। আফগানিস্তানের কাছে হারে একটা ধাক্কা লেগেছিল। ভারতের কাছে হারের পরও অঙ্কে টিকে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান সেমিফাইনাল নিশ্চিত করতেই মেয়াদ ফুরলো অজি কিংবদন্তি ডেভিড ওয়ার্নারের।

সেন্ট ভিনসেন্টে বৃষ্টিবিঘ্নিত চূড়ান্ত নাটকীয় ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। এরপরই বিদায় অস্ট্রেলিয়ার। তার সঙ্গে দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি ডেভিড ওয়ার্নারেরও। সেন্ট লুসিয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময়ও হয়তো ভাবেননি, মুহূর্তটা এত তাড়াতাড়ি চলে আসবে। ওয়ান ডে কেরিয়ারের ইতি হয়েছিল ভারতের বিরুদ্ধেই। তবে বিশ্বকাপ ফাইনাল জিতে। টি-টোয়েন্টি ফরম্যাটেও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন ভারতের বিরুদ্ধেই। টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন।

ওয়ার্নার অবশ্য ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা খোলা রেখেছিলেন। দলের প্রয়োজনে তিনি অবসর ভেঙে ফিরতে প্রস্তুত এমনটাই বলেছিলেন। তবে তিনি চাইলেও টিম ম্যানেজমেন্টের চাওয়া মিলবে, এমনটা নয়। আন্তর্জাতিক কেরিয়ারের শেষটা ঠিক যেন জমল না। ভারতের বিরুদ্ধে মাত্র ৬ রানেই ফেরেন। অর্শদীপের আউট সুইংয়ে ব্যাট ছুঁইয়ে স্লিপে সূর্যকুমার যাদবের অনবদ্য ক্যাচে ফেরেন। কোনও স্ট্যান্ডিং অভেশন, গার্ড অব অনার কিছুই ছিল না।

ম্যাচ শেষে দেখা যায়, বিরাট কোহলির সঙ্গে কথা বলছেন। সাংবাদিক সম্মেলনে জশ হ্যাজলউড বলেছিলেন, ওয়ার্নারের অবসর চূড়ান্ত হবে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের পরই। ফেয়ারওয়েল প্রসঙ্গ উঠতে হ্যাজলউড বলেছিলেন, ‘ওকে ছাড়া খেলার সামান্য স্বাদ পেয়েছি টেস্ট ও ওডিআইতে। এ বার টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলতে হবে। দীর্ঘদিনের সতীর্থকে না পেলে খারাপ লাগা থাকেই। কিন্তু কী আর করা যাবে, এখান থেকে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই।’

Post a Comment

Previous Post Next Post