স্পিকার নির্বাচনে একতরফা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, ক্ষুব্ধ তৃণমূল বৈঠকে বসছে, কথা হবে মমতার সঙ্গে


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের একার সিদ্ধান্ত। এ ব্যাপারে তৃণমূলের সঙ্গে তারা কোনওরকম আলোচনা করেনি বলে জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার লোকসভা স্পিকার মনোনয়ন নিয়ে যখন রাজধানী দিল্লি সরগরম, তখনই সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশকে স্পিকার পদের মনোনয়ন দেওয়া হয়েছে, বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই। এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। দুর্ভাগ্যজনক। কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া হয়েছে।’’

যদিও এই কথা বলার কিছু পরেই অভিষেককে দেখা যায় সংসদের ভিতরে রাহুল গান্ধীর সঙ্গে একান্তে কথা বলতে। তবে সেই আলোচনার পরে রাহুল আলাদা করে অভিষেকের বক্তব্যের কোনও জবাব দেননি। অভিষেকও নতুন করে কিছু বলেননি।

মঙ্গলবার লোকসভা স্পিকার মনোনয়ন নিয়ে সকাল থেকে দিল্লিতে শুরু হয়েছে এনডিএ-বনাম ইন্ডিয়ার বাগ‌্‌যুদ্ধ। একদিকে এনডিএর দাবি লোকসভা স্পিকার নির্বাচন নিয়ে অযথা রাজনীতি করছে কংগ্রেস সহ বিরোধী জোট ইন্ডিয়া। অন্য দিকে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অভিযোগ, প্রচলিত রীতি মেনে বিরোধী শিবির থেকে ডেপুটি স্পিকার না বাছলে তাঁরা সরকার মনোনীত স্পিকারকে সমর্থন করবেন না। এ বিষয়ে শাসক গোষ্ঠী এনডিএ বিরোধীদের শর্ত না মানায় আচমকাই সাংসদ কে সুরেশকে স্পিকারের প্রার্থী হিসাবে ঘোষণা করে কংগ্রেস। তা নিয়েই আপত্তি তুলেছে তৃণমূল। সূত্রের খবর বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল বৈঠকে বসছে, দলের কথা হবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।

Post a Comment

Previous Post Next Post