বিজেপি সরকারের শপথে আমন্ত্রণ বিমান বসুকে, রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন ইমন


শনিবার রাজ্যে নতুন সরকারের শপথগ্রহণ। প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছেন কোনও বিজেপি নেতা। সেই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে জাঁকজমক এবং আড়ম্বরে কোনও কমতি রাখতে নারাজ গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো রাজনীতিকদের পাশাপাশি সাংস্কৃতিক জগতের বহু মানুষকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। একই সঙ্গে থাকছে বিশেষ অনুষ্ঠানও।
শনিবারের শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ছাড়াও বিজেপিশাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাংলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। রাজনৈতিক সৌজন্যের খাতিরে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হতে পারে বলে সূত্রের খবর। আমন্ত্রণ পেতে পারেন প্রবীণ রাজনীতিবিদ এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রীতি অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হতে পারে। এছাড়া কংগ্রেসের প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হবে।
এমনিতেই এবারের প্রচারপর্বের শুরু থেকে বাঙালিয়ানায় শান দিয়ে আসছে বিজেপি। শপথেও সেই বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। বিজেপি সরকার শপথগ্রহণ করছে রবীন্দ্রজয়ন্তীতে। শোনা যাচ্ছে, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক জগতের বহু মানুষকে আমন্ত্রণ জানানো হবে। আলাদা সাংস্কৃতিক মঞ্চও থাকছে বলে জানা গিয়েছে। ‘ভিভিআইপি’-রা মূল মঞ্চেই থাকবেন। মঞ্চের সামনের কিছুটা অংশে থাকবে বিশিষ্ট অতিথিদের বসার ব্যবস্থা। মূল মঞ্চে শপথের আগে একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানও হওয়ার কথা। তাতে গান গাইতে পারেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। তাৎপর্যপূর্ণভাবে আগের সরকার থাকাকালীন ইমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠ ছিলেন। বহু সরকারি অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে। এমনকী তৃণমূলের উন্নয়নের পাঁচালিও গেয়েছেন তিনি। এবার নতুন সরকারের শপথেও গাইতে পারেন তিনি। যদিও এ বিষয়ে সরকারি সিলমোহর এখনও পড়েনি।

Post a Comment

Previous Post Next Post