খবর বাংলা ডিজিটাল ডেস্ক : প্রথমে ইনস্টাগ্রামে ফলো করা হল। তারপর সাহস করে 'ক্রাশ'-কে মেসেজ করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। আর 'ক্রাশ' সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিয়ে একেবারে ইতিবাচক 'উত্তর' দিলেন। দু'বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিলেন ‘ক্রাশ’ স্পেনের ডিফেন্ডার অ্যালবার্তো রদ্রিগেজ। যিনি ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন দলে খেলতেন।
স্প্যানিশ সেন্টার ব্যাক বলেছেন, ‘কয়েক বছর ধরেই আমি আইএসএলের দিকে নজর রেখেছিলাম। গত মরশুমে আইএসএলে আধিপত্য দেখিয়ে যেভাবে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল, সেটাও দেখেছি (যদিও খুব যে আধিপত্য, তা বলা যাবে না, কারণ শেষ ম্যাচে লিগের ফয়সালা হয়েছিল)। তবে মোহনবাগানে যে আমি সই করেছি, সেটার অন্যতম কারণ হল সবুজ-মেরুন বাহিনীর সমর্থকদের আবেগ।'
মোহনবাগানের নয়া ডিফেন্ডার বলেন, 'এমনিতেই মাঠভরতি সমর্থকদের সামনে খেলার সুযোগ পেলে সবসময়ই আমার সেরা খেলাটা বেরিয়ে আসে। আবেগ এবং সমর্থনের নিরিখে মোহনবাগান সমর্থকরাই সেরা।’