বেকার ভাতা বেড়ে হল 3 হাজার টাকা ! কারা পাবেন এই সুবিধা ?


নিজস্ব প্রতিনিধি : রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে যেন কল্পতরু বিজেপি সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ৷ একদিকে যেমন লক্ষাধিক শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে, ঠিক তেমনই রাজ্যের প্রান্তিক স্তরের সমাজকর্মী থেকে শুরু করে বেকার যুবক-যুবতী এবং সাধারণ মানুষের জন্য বিভিন্ন ভাতা ঘোষণাও করলেন অর্থমন্ত্রী ৷ পাশাপাশি কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না বলেও জানান অর্থমন্ত্রী ৷ সেক্ষেত্রে আগের সরকারের 'যুবসাথী' বা বেকার ভাতাও চালু রাখছে বর্তমান সরকার ৷ তবে এক্ষেত্রে তার নাম পরিবর্তন হয়ে করা হয়েছে 'ভরসা' ৷ পাশাপাশি আরোপ করা হয়েছে বেশ কিছু মাপকাঠিও ৷

বেকার যুবকদের জন্য নতুন প্রকল্প: ‘ভরসা’

রাজ্যের শিক্ষিত অথচ কর্মহীন যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে এবং পাশে দাঁড়াতে একটি সম্পূর্ণ নতুন প্রকল্প আনার কথা ঘোষণা করল রাজ্য সরকার। আগামী অক্টোবর মাস থেকে রাজ্যে চালু হতে চলেছে 'ভরসা' প্রকল্প। তবে এক্ষেত্রে যুবসাথী-র মতো সকলেই এক রকম ভাতা বা অর্থ পাবেন না ৷ বেশকিছু মাপকাঠি এখানে রেখেছে নতুন সরকার ৷

কারা পাবেন এই সুবিধা ?

21 থেকে 45 বছর বয়সি যোগ্য ও শিক্ষিত বেকার যুবকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে শর্ত আছে এখানে ৷ যে পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম এবং পরিবারের কেউ অন্য কোনও সরকারি সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরাই এই 'ভরসা' প্রকল্পের আওতায় আসবেন।

ভাতার পরিমাণ

স্নাতক (গ্র্যাজুয়েট) বেকারদের প্রতি মাসে 3 হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। অন্যান্য শিক্ষিত বেকাররা প্রতি মাসে 2 হাজার টাকা করে ভাতা পাবেন।

এর পাশাপাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন মেধাবী পড়ুয়াদের জন্য বড় উপহার দিয়েছে অর্থ দফতর। তাঁদের প্রস্তুতির খরচ জোগাতে এককালীন 30 হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে বলে বাজেটে জানানো হয়েছে। আশা ও অঙ্গনওয়াড়ি, চুক্তিভিত্তিক কর্মীদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে ৷ বাজেটে তাঁদের পরিশ্রমিকের সাম্মানিক বৃদ্ধির বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে 5 হাজার টাকা বেতন বৃদ্ধি করা হল। পার্শ্বশিক্ষকদেরও মাসিক বেতন 5 হাজার টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে, সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, গ্রিন পুলিশ ও এনভিএফ কর্মীদের মাসিক বেতন 2 হাজার টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও মিড-ডে মিলের রাঁধুনিদের মাসিক ভাতা বাড়ান হল এক হাজার টাকা।

Post a Comment

Previous Post Next Post