'দাগি' শিক্ষকের তালিকায় ডাকাবুকো BJP নেতার দাদার নাম, প্রকাশ্যে আসতেই হুলস্থুল!


দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে বঙ্গের স্কুল সার্ভিস কমিশন (SSC) 'দাগি' শিক্ষকদের নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে। সেই তালিকায় রাজ্যের শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলর ঘনিষ্ঠের নাম রয়েছে। তা নিয়ে রাজ্য সরকারকে 'মহাদাগি' সরকার বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন। তবে এরই মধ্যে SSC-এর প্রকাশিত 'দাগি' শিক্ষকদের তালিকায় পূর্ব বর্ধমানের ডাকাবুকো BJP নেতার দাদার নাম উঠে আসায় পাল্টা গেরুয়া দলকে নিশানা করে সোচ্চার হয়েছে তৃণমূল। 

এস.এস.সি (SSC)-এর ১৮০৬ জন অযোগ্য অর্থাৎ 'দাগি' শিক্ষকের নামের তালিকা শনিবার প্রকাশ করেছে। সেই তালিকায় ৮৬০ নম্বরে রয়েছে মৌমিতা কুণ্ডুর। আর ১৫১৩ নম্বরে রয়েছে সৌরভ সামের নাম। তৃণমূল নেতৃত্বের দাবি, এই সৌরভ ও মৌমিতা সম্পর্কে স্বামী- স্ত্রী। তাঁরা উত্তরবঙ্গের স্কুলে শিক্ষকতা করতেন। 'দাগি' শিক্ষক সৌরভ সাম BJP যুব মোর্চার রাজ্য পদাধিকারী পিন্টু সাম ওরফে পূরব সামের দাদা। আর মৌমিতা কুণ্ডু সম্পর্কে পূরব সামের বৌদি বলে দাবি করা হয়েছে।

এরই পাশাপাশি তৃণমূলের তরফে এও বলা হয়েছে, এই পূরব সাম বিজেপি যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি। বর্তমানে তিনি বিজেপি যুব মোর্চার রাজ্য পদাধিকারী। পূর্ব বর্ধমান,বর্ধমান- দুর্গাপুর,বীরভূম ও বোলপুরের বিভাগ ইনচার্য পদে বিজেপি নেতা পূরব সাম রয়েছেন বলে দাবি তৃণমূলের। তৃণমূল নেতৃত্বের আরও দাবি, সুপ্রিম কোর্টের রায়ে সৌরভ সাম ও মৌমুতা কুণ্ডুর চাকরি আগেই বাতিল হয়েছিল। এবার তাঁরা এস.এস.সি (SSC) দ্বারা 'দাগি' শিক্ষক হিসেবে চিহ্নিত হয়েছেন।

এই তথ্য সামনে আসার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন তৃণমূলের রাজ্য নেতা দেবু টুডু। তিনি প্রশ্ন তোলেন, “এত কিছু কাণ্ডের পরেও বিরোধী দলনেতা কী করে রাজ্য সরকারকে 'মহাদাগি' সরকার বলে মন্তব্য করার স্পর্ধা দেখান? এ তো দেখছি চোরের বড় গলা! ওর মতো চোর তো বাংলায় বিরল। ওই দাগিটা টাকা নিয়ে কত লোককে যে চাকরি দিয়েছে তার ঠিক নেই! ’দাগি শিক্ষক’ তৈরি করার অন্যতম ওই কারিগরটা এখন সাধু সাজছে।"

Post a Comment

Previous Post Next Post