“দেশছাড়া হতে হবে”, SIR নিয়ে নথির ভুলেই ভরসা হারালেন শফিকুল, আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়


রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। মৃতের পরিবার জানিয়েছে, সরকারি নথিতে 'ভুল' থাকায় ভীষণ মানসিক চাপে পড়েছিলেন ৫৭ বছরের শফিকুল মণ্ডল। এমনকী দেশছাড়া হওয়ার ভয়েও কুঁকড়ে ছিলেন তিনি। সেই আতঙ্ক থেকেই আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের।

বাদুড়িয়ায় বিষ খেয়ে মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শফিকুল দ্বিতীয় বিয়ে করেছিলেন। নতুন স্ত্রীর পরিচয়পত্রে থাকা বয়সজনিত ভুল এবং তা তার প্রথম পক্ষের সন্তানদের বয়সের চেয়েও কম হওয়ায় ভয় ও বিভ্রান্তি বেড়ে যায়।
 SIR সমীক্ষা শুরু হওয়ার পর থেকেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। দুই সপ্তাহ ধরে বিভিন্ন দফতরে গিয়ে নথি সংশোধনের চেষ্টা করেছিলেন। পরিবারের বক্তব্য, ভুল থেকে গেলে তাঁকে "দেশ ছাড়তে হবে" এমন আশঙ্কাই তাঁকে অস্থির করে তুলেছিল।

মঙ্গলবার বাড়ির কাছেই তিনি বিষ পান করে আত্মঘাতী হন। গুরুতর অসুস্থ অবস্থায় বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মালবাজারে BLO-র ঝুলন্ত দেহ উদ্ধার
এদিকে এদিনই এসআইআর সংশ্লিষ্ট আরেকটি মৃত্যুর খবর আসে জলপাইগুড়ির মালবাজার থেকে। SIR-এর কাজের দায়িত্বে থাকা BLO তথা ICDS কর্মী শান্তি মুনি ওরাওঁ-এর ঝুলন্ত দেহ বাড়ির পাশ থেকে উদ্ধার হয়।

পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপ ও মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন শান্তি মুনি ওরাওঁ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য এবং রাজনৈতিক চাপানউতোর বেড়েছে।

Post a Comment

Previous Post Next Post