'মুনাফাকে অগ্রাধিকার, শিকেয় নিরাপত্তা', ইন্ডিগো বিভ্রাটের মাঝে পাইলটস অ্যাসোসিয়েশনের বিস্ফোরক মন্তব্য


টানা সপ্তম দিনে পৌঁছেছে ইন্ডিগো বিভ্রাট। সোমবার দেশের বিভিন্ন বিমানবন্দরে ইন্ডিগোর প্রায় ৪৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে যাত্রীদের প্রবল অসুবিধার মধ্যে পড়তে হয়। আজ সোমবারদিল্লি বিমানবন্দরে ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। বেঙ্গালুরুতে বাতিল হয়েছে ১২৭টি, চেন্নাইয়ে ৭১টি, হায়দ্রাবাদে ৭৭টি এবং জম্মুতে ২০টি ফ্লাইট। 

এদিকে বিমান বিভ্রাটের জেরে সরকারের নির্দেশে ইন্ডিগোকে দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। ইতিমধ্যেই বিভ্রাটের কারণে টিকিট বাবদ ক্ষতিগ্রস্থ যাত্রীদের জন্য ৬১০ কোটি টাকার বেশি ফেরত দেওয়া হয়েছে বলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে। রবিবার ইন্ডিগো ৬৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছিল, আর শুক্রবার রেকর্ড ১,০০০টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছিল।

সংকটের মূল কারণ হিসেবে ইন্ডিগো পাইলটদের বিশ্রামের সরকারি নিয়ম ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (FDTL) উল্লেখ করেছে। সরকারের হস্তক্ষেপের পর নিয়ম আপাতত ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে এবং আশা করা হচ্ছে, ১০ ডিসেম্বরের মধ্যে সংস্থা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।

এদিকে, এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি সাগ্নিক ব্যানার্জি জানিয়েছেন, বিমান সংস্থাগুলি মুনাফাকে অগ্রাধিকার দিয়ে পাইলটদের নিরাপত্তা উপেক্ষা করছে। তিনি সতর্ক করেছেন, FDTL-এর সংশোধিত নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ না করা হলে নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারে।

Post a Comment

Previous Post Next Post