আর মাত্র কয়েক মাস পরেই নির্বাচন। তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। তারই মাঝে আচমকা সক্রিয় দিলীপ ঘোষ। আর সক্রিয় হতে না হতেই ভোটে এবার বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুর চড়ালেন তিনি। সোমবার জাতীয় নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক রয়েছে। তার আগে দিলীপের এহেন আর্জি ঘিরে স্বাভাবিকভাবেই নয়া জল্পনা মাথাচাড়া দিয়েছে।
শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমরা বারবার দাবি করেছি যাতে বুথের ভিতর বাহিনী থাকে। ওরা দাঁড়িয়ে থাকে রাস্তায়। ভোট লুটপাট হয় বুথের ভিতরে। আমাদের সামনেই এই ঘটনা অনেকবার ঘটেছে। এবার যদি সত্যিই অন্যরকম কিছু হয় তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে। তাহলে তৃণমূলের টেকা মুশকিল।” বাহিনীর বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ করে দিলীপের বিস্ফোরক দাবি, “বাহিনী যথেষ্ট সংখ্যক আসে। পঞ্চায়েত ভোটেও পর্যাপ্ত বাহিনী এসেছিল। ভোট হচ্ছে বুথে। আর বাহিনী বাসে ঘুরে বেড়াচ্ছে। অনেকে আবার হাজারদুয়ারি দেখতে গিয়েছিল। আমাদের বক্তব্য নতুন ভোটার আই কার্ড ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। বুথে কি হচ্ছে সেটাও বাহিনী দেখবে। তাহলেই নিরপেক্ষ ভোটাধিকার সম্ভব।” সোমবারই জাতীয় নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক। তার আগে ভোটমুখী বাংলায় দিলীপের এই দাবি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনও সন্দেহ নেই।