আইপিএল সম্প্রচার বন্ধ করে দিল বাংলাদেশ। সে দেশের মুহাম্মদ ইউনূসের সরকার এই নির্দেশ দিয়েছে। শুধু এ বারই নয়, অনির্দিষ্টকালের জন্য আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মুস্তাফিজুর রহমান বিতর্কে নতুন পদক্ষেপ বাংলাদেশ সরকারের। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল তারা। এ বার অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে বন্ধ করা হল আইপিএলের সম্প্রচার। সোমবার সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনও কিছু সম্প্রচার করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আইপিএলের প্রচারও। জনস্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইউনূস সরকার।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক অত্যাচারের ঘটনা দু’দেশের সামাজিক সম্পর্ককে প্রভাবিত করছে কিছু দিন ধরে। এই পরিস্থিতিতে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরের খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারতের একাধিক রাজনৈতিক দল। মুখ খোলেন ধর্মগুরুরাও। ক্রমশ চাপ বাড়তে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উপর। চাপ বাড়তে থাকে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের উপরও। কারণ আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ্রক্রিকেটার হিসাবে মুস্তাফিজুরের খেলার কথা ছিল কেকেআরের হয়ে। তাঁকে নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় কেনে শাহরুখের কেকেআর। ফলে প্রতিবাদীদের একাংশ নিশানা করতে শুরু করেন বলিউড বাদশাকেও। পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করায় গত শনিবার বাংলাদেশি জোরে বোলারকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিসিআই দল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কেকেআরকে। তার পরই দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক ঘিরে তৈরি হয় নতুন জটিলতা।