ইঞ্জেকশন, ভাইরাল ভিডিয়ো, ধোঁয়াশায় ঘেরা ইনস্টাপোস্ট, সুন্দরী সাধ্বীর মৃত্যুতে ঘনীভূত রহস্য, কে এই তরুণী প্রেম?


তাঁর আধ্যাত্মিক বক্তৃতায় থাকত চুম্বকের মতো আকর্ষণ। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষ তাঁর গলায় ধর্মকথা এবং ভজন শোনার জন্য মুখিয়ে থাকতেন। পশ্চিম রাজস্থানের গ্রামীণ অঞ্চলে ধর্মীয় গল্পকথা এবং ভক্তিমূলক গানের দুনিয়ার বেশ পরিচিত নাম ছিল সাধ্বী প্রেম বাইসা। গত ২৮ জানুয়ারি তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় জোধপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, সাধ্বীকে যখন হাসপাতালে আনা হয় তত ক্ষণে তাঁর মস্তিষ্কের ‘মৃত্যু’ ঘটেছে।

মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও ধর্মীয় বক্তৃতা দিচ্ছিলেন প্রেম, এমনও দাবি উঠেছে তাঁর ভক্তদের মধ্যে। তাঁর পরিবার পরে জানিয়েছিল মৃত্যুর আগে দু’দিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন প্রেম। মৃত্যুর দিন এক ব্যক্তিকে ইঞ্জেকশন দেওয়ার জন্য আশ্রমে ডেকে পাঠানো হয়েছিল।

এর পরেই তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটে। প্রেমের বাবা জানিয়েছেন, ইঞ্জেকশন দেওয়ার পরে তাঁর মেয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে দ্রুত পাল রোডের প্রেক্ষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা ২৫ বছরের তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক প্রবীণ জৈন সংবাদমাধ্যমে জানান, তিনি প্রেমকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর শরীরে প্রাণের কোনও লক্ষণ ছিল না। সাধ্বীর বাবা চিকিৎসকদের জানান, মেয়ের জ্বর হয়েছিল। সে জন্য এক জন কম্পাউন্ডার, এক জন স্বাস্থ্যসেবককে আশ্রমে ডাকা হয়েছিল। এর পর কম্পাউন্ডার তাঁর মেয়েকে একটি ইঞ্জেকশন দেন। তাতেই অজ্ঞান হয়ে পড়েন প্রেম।

Post a Comment

Previous Post Next Post