কসবায় আটক বহিরাগত অস্ত্র পাচারকারী, উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ

কসবা থেকে আটক বহিরাগত অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

কলকাতা: গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কসবা থানা এলাকার রাসবিহারী কানেক্টর থেকে এক বহিরাগত অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, বিহার ও ঝাড়খণ্ড থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র পাচারের ছক কষা হয়েছে—এমন খবর আগে থেকেই পুলিশের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতে বিহার ও কলকাতায় সক্রিয় সোর্স নেটওয়ার্ককে সতর্ক করা হয়। তদন্তে উঠে আসে বিহারের গয়া জেলার এক বাসিন্দার নাম, যার গতিবিধির উপর নজরদারি শুরু করে গোয়েন্দা বিভাগের গুণ্ডাদমন শাখা।
তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি গয়া থেকে রাতের বাসে কলকাতায় এসে অটো বা হলুদ ট্যাক্সিতে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর পরিকল্পনা করেছিল। সেই অনুযায়ী কসবা থানা এলাকার রাসবিহারী কানেক্টরে সকাল থেকেই সাদা পোশাকে একাধিক টিম মোতায়েন করা হয়। নির্দিষ্ট যানবাহনের তথ্য না থাকায় দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে একের পর এক অটো ও ট্যাক্সি তল্লাশি চালানো হয়।
অবশেষে দুপুর আনুমানিক একটা নাগাদ গড়িয়াহাট থেকে বাইপাসমুখী একটি অটো থামিয়ে সন্দেহভাজনকে আটক করা হয়। ধৃতের নাম মহম্মদ ইশতিয়াক (৩৮), বাড়ি বিহারের গয়া জেলায়। তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় তিনটি সিঙ্গল-শট রিভলভার, দুটি ছয়-চেম্বারের রিভলভার, একটি ৭ মি.মি. পিস্তল এবং মোট ১১ রাউন্ড কার্তুজ।
পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্র পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং অস্ত্রগুলি কোথায় পৌঁছনোর কথা ছিল, তা জানার চেষ্টা চলছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post