বাজেট ঘোষণায় খুশি নন, স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ আশাকর্মীদের, পুলিশ বাধা দিতেই উত্তেজনা


বাজেটে ১০০০ টাকা মাসিক ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। পাশাপাশি কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও মৃত আশাকর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে রাজ্য। তবে ভাতা বাড়ায় খুশি নন আশাকর্মীরা। শুক্রবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেন আশা কর্মীদের সংগঠনের সদস্যরা। তাঁদের আন্দোলনকে কেন্দ্র করে এ দিন উত্তেজনা ছড়ায় স্বাস্থ্য ভবন চত্বরে।

আশাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বাজেটের মতোই রাজ্য বাজেটেও তাঁরা বঞ্চনার শিকার। মাতৃত্বকালীন ছুটি ও মৃত আশা কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা দীর্ঘ আন্দোলনের ফলেই মিলেছে বলে দাবি। এই সিদ্ধান্তে খুশি হলেও আশা কর্মীরা প্রশ্ন তুলেছেন, কেন সরকার এই বিষয়গুলি নিয়ে ভাবেনি? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বরাদ্দ টাকা কত আসছে তাও জানতে চাওয়া হয়।

পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন বলেন, ‘আশা কর্মীদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের আচরণ অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা।’

এ দিন সকাল থেকেই স্বাস্থ্য ভবন জমায়েত হতে শুরু করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আশা কর্মীরা। তবে বিক্ষোভ শুরুর আগেই বিধাননগর পুলিশের তরফে স্বাস্থ্য ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের। সেই ব্যারিকেড সরানোর চেষ্টা করতেই পুলিশ ও আশা কর্মীদের মধ্যে শুরু হয় টানাপড়েন, ঘিরে ধরে উত্তেজনা।

Post a Comment

Previous Post Next Post