দায়িত্ব গ্রহণ করার পরেই নিজের মেজাজ বুঝিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার ধৃতিমান সরকার। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, জেলাজুড়ে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই এগোবে পুলিশ প্রশাসন। সাধারণ মানুষের জন্য যেমন অভয়বাণী শোনালেন, তেমনই দুষ্কৃতীদের উদ্দেশে তাঁর সাফ কথা, আইন ভাঙলে রেহাই মিলবে না কারও।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অত্যন্ত কড়া বার্তা দেন। নিজের কার্যপদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “যো আচ্ছা সে রাহেগা ইধার, উসকো ডার নেহি, জো দুসরা সোচেগা উসকা ঘর নেহি।” অর্থাৎ, যাঁরা সৎ পথে জীবনযাপন করবেন, তাঁদের ভয়ের লেশমাত্র কারণ নেই। কিন্তু কারোর যদি অসৎ উদ্দেশ্য থাকে বা অপরাধমূলক চিন্তাভাবনা থাকে, তবে পুলিশ কঠোরতম ব্যবস্থা নিতে পিছপা হবে না।
পুলিশ সুপার আরও জানান, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাঁর প্রাথমিক লক্ষ্য। তিনি বলেন, “পুলিশ সব সময় জনগণের বন্ধু হিসেবে পাশে থাকবে। কিন্তু সমাজবিরোধীদের জন্য আমাদের অবস্থান হবে কঠোর।” তিনি জেলার সমস্ত নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানান এবং প্রশাসনের কাজে সহযোগিতা করার আবেদন করেন।
নবাগত পুলিশ সুপারের এই ‘দাবাং’ মেজাজ এবং স্পষ্ট হুঁশিয়ারিতে জেলাজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষ আশা করছেন, প্রশাসনের এই কড়া মনোভাব জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সহায়ক হবে।