অন্তঃসত্ত্বাকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী ৪ মহিলার বিরুদ্ধে। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর জেলার নৃসিংহপুরে। জানা গিয়েছে, বিবাদের জেরে, নৃসিংহপুরের বাজার পাড়া এলাকার বাসিন্দা লিপিকা বর্মণকে মারধর করেছেন প্রতিবেশী ৪ মহিলা। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর বয়স্ক শ্বশুরও। লিপিকা জানিয়েছেন, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা।
লিপিকা জানিয়েছেন, কয়েকদিন আগে তাঁর ননদ বাড়িতে এসেছিলেন। বুধবার সকালে তাঁকে বাড়িতে এগিয়ে দেওয়ার জন্য বেরিয়েছিলেন লিপিকা। অভিযোগ, সেই সময়েই প্রতিবেশী ৪ মহিলা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপরেই তাঁকে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তাঁর পেটে আঘাত করা হয় বলেও অভিযোগ লিপিকার। এই ঘটনার সময়ে লিপিকার শ্বশুর তাঁকে বাঁচাতে গেলে মহিলারা তাঁকেও আক্রমণ করেন বলে অভিযোগ।
এরপরে লিপিকাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়। লিপিকা জানিয়েছেন, তাঁর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালো নয়। গর্ভস্থ সন্তানের বাঁচার আশাও কম বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। লিপিকার পরিবারের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও লিপিকার সঙ্গে দুর্ব্যবহার করেছেন ওই প্রতিবেশীরা।
ঘটনার পরে লিপিকার পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই ওই প্রতিবেশী মহিলাদের অত্যাচারের শিকার হচ্ছেন তারা। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে পুলিশের কাছে সেই আবেদন করেছেন লিপিকার পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। কেন লিপিকাকে মারধর করা হলো, কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।