বাংলায় কথা বলায় বাঙালি যুবককে ফের পিটিয়ে খুন, ‘Hate Crime’ বললেন মমতা


বাংলা ভাষায় কথা বলায় বাঙালি পরিযায়ী শ্রমিককে নৃশংস ভাবে খুনের অভিযোগ মহারাষ্ট্রের পুনেয়। তীব্র নিন্দায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডলে মমতা লিখলেন, এ ঘটনা ‘Hate Crime’ ছাড়া আর কিছুই নয়। তিনি লেখেন, ‘একজন তরুণকে অত্যাচার করে খুন করা হলো শুধু মাত্র তাঁর ভাষার জন্য, তাঁর পরিচিতির জন্য, তাঁর শিকড়ের জন্য। এখানে xenophobia-কে হাতিয়ার করা হয়েছে, আর টার্গেট হচ্ছেন কিছু নিরপরাধ মানুষ।’

পুনে থেকে উদ্ধার হয় পুরুলিয়ার (Purulia) সুখেন মাহাতোর (৪০) রক্তাক্ত দেহ। পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের তরফে অভিযোগ, বাংলায় কথা বলায় পিটিয়ে খুন করা হয় সুখেনকে।

পরিবারের লোকজন জানান, ৯ ফেব্রুয়ারি কাজ থেকে ফেরার পথে নিখোঁজ হন সুখেন। পরের দিন দুপুরে পুনের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সুখেনের দাদা তুলসীরাম মাহাতো জানান, সুখেনকে পিটিয়ে মারা হয়েছে। এ নিয়ে শিকারপুর থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।

গত কয়েক মাসে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের কখনও হেনস্থা করা হয়েছে, কখনও বা খুন। গত মাসেও মুম্বইয়ে পরিযায়ী শ্রমিক রিন্টু শেখকে বাংলায় কথা বলার জন্য খুনের অভিযোগ ওঠে। মঙ্গলবারই সংসদে এ নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

Previous Post Next Post