একজন বা দুজন না, একদম ৭৪ জন বিধায়ককে টিকিট দিলো না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নতুন করে দলকে গুছিয়ে নিতে চাইছেন। সেই ৭৪ জনের মধ্যে অবশ্য বেশ কয়েকজন নিজের জায়গায় জায়গায় নিজের ছেলেকে বসিয়ে দিয়েছেন। একুশের নির্বাচনে জেতা বাবুল সুপ্রিয় যেমন রয়েছেন। যিনি কয়েকদিন আগে রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হয়েছেন। আবার শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা রয়েছেন। সবমিলিয়ে কোন কোন বিধায়ক টিকিট পেলেন না? মহেশতলা বিধানসভার বিধায়ক দুলালচন্দ্র দাস এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলে দলকে জানিয়েছিলেন। এদিন ওই আসনে তাঁর পুত্র শুভাশিস দাসকে প্রার্থী করল তৃণমূল। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না দুলালবাবু। আবার এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহাও এবার তাঁর আসনে পুত্র সন্দীপন সাহাকে প্রার্থী করার অনুরোধ জানিয়েছিলেন। এদিন তালিকা ঘোষণা করার পর দেখা গেল, তাঁর আবেদন মেনে নেওয়া হয়েছে। মানিকতলার বর্তমান বিধায়ক সুপ্তি পাণ্ডেও এবার টিকিট পাননি। তাঁর কন্যা শ্রেয়া পাণ্ডেকে ওই আসনে প্রার্থী করল তৃণমূল। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবার টিকিট পাননি। ওই আসনে প্রার্থী হয়েছেন তাঁর পুত্র তীর্থঙ্কর ঘোষ।
অন্যদিকে বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবে ভোটে লড়ছেন না তিনি। ওই আসনে প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বেলেঘাটার বর্ষীয়ান বিধায়ক পরেশ পালকে এবার প্রার্থী করেনি তৃণমূল। ওই আসনে লড়বেন কুণাল ঘোষ। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার যে টিকিট পাবেন না, তা নিশ্চিত ছিল। ২৫ বছর পর বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল। পার্থের কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে এবার টিকিট দেয়নি দল। আবার নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও টিকিট পেলেন না। সব মিলিয়ে বেশ কড়া মনোভাব দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।