এখন একডাকে সবাই চেনে অরিজিৎ সিংকে। তার সুরের মাধুরী শুধু ভারতে নয় ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। সেই অরিজিৎ সিংকে এবার দেখা গেলো একদম ঘরের ছেলের মতো। এত বড়মাপের শিল্পী হয়েও নিজের শিকড় ভুলে যাননি। তাই তো অরিজিৎ শুধু জেলার গর্ব নন, ভারতবাসীরও গর্ব। কোনও সেলেবসুলভ আচরণ তিনি করেন না। অরিজিৎ সিংয়ের আদবকায়দা দেখলে বোঝাই কঠিন তিনি এত জনপ্রিয়। মুম্বইয়ের ঝাঁ চকচকে বাড়ি ছেড়ে মুশির্দাবাদের জিয়াগঞ্জে স্কুটিতে চড়েই এদিক ওদিক ঘুরে বেড়ান। পাড়ার মোড়ে আড্ডা দেন ছোটবেলার বন্ধুদের সঙ্গে। অরিজিতের এমন স্বভাবই তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে। সেই বিখ্যাত গায়ককেই এবার দেখা গেল পথহারানো পথিককে রাস্তা চেনাতে। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
ওই ভিডিওতে দেখা গিয়েছে, পথহারা এক মহিলাকে রাস্তা চেনাচ্ছেন অরিজিৎ। ধৈর্য ধরে বোঝাচ্ছেন বাঁ দিকের গলি দিয়ে ঢুকে গন্তব্যে পৌঁছতে হবে। আর পাঁচজনের মতো যেভাবে রাস্তা চেনাচ্ছেন অরিজিৎ, তা দেখে মুগ্ধ প্রায় সকলেই। ‘ঘরের ছেলে’ অরিজিৎকে এভাবে দেখে অবশ্য অবাক হননি জিয়াগঞ্জের কেউ। বরং অনেকেই বলছেন, “এটাই তো সেই চেনা অরিজিৎ। যাঁর আচরণ দেখলে বোঝাই যায় যে তিনিও সেলেব। পরিবর্তে যেন একেবারেই ঘরের ছেলের মতো হাবভাব।” এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার জিয়াগঞ্জের অলিগলিতে এভাবে সাধারণ মানুষের মতো দেখা গিয়েছে তাঁকে।