এবার মেকআপ গিল্ড এক নজরকাড়া বিজ্ঞপ্তি দিল। সূত্রের খবর, মেকআপ গিল্ডের কার্যকরী কমিটির প্রধান, একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, ‘ওয়েলফেয়ার’-এর নামে যে টাকা নেওয়া হতো, তা ফেরত দেওয়া হবে। টেকনিশিয়ানদের কারও-কারও দাবি, নানা উপায়ে টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা নেওয়া হতো।
এই ঘটনায় নানা প্রশ্ন উঠছে। এত দিন ফেডারেশনে পরোক্ষভাবে যে রাজনৈতিক ছায়া ছিল, তা সরে গিয়েছে, তাই কি গিল্ডের কমিটির প্রধানরা ভয় পেয়ে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিচ্ছেন?
এ ব্যাপারে প্রশ্ন করা হলে, মেকআপ আর্টিস্ট সুভাষ বিশ্বাস অভিযোগ করেন, বহুদিন ধরে মেকআপ গিল্ডের কমিটির প্রধান বাপি মালাকার নানাভাবে কাজ আটকে দিয়েছেন। বহুবার ফেডারেশনে জানিয়ে কোনও লাভ হয়নি। তিনি বলেন, ‘’সদস্য পদের জন্য টাকা দেওয়ার পরও টেকনিশিয়ান ওয়েলফেয়ার-এর নাম করে পারিশ্রমিক থেকে দুই শতাংশ টাকা কেটে নেওয়া হতো। এখন পালাবদলের ফলে হঠাৎই সেই টাকা ফেরত দেওয়ার কথা বলছে মেকআপ গিল্ড।”
ভেন্ডার্স গিল্ডের সদস্য সৈকত দাস জানালেন, “একটা সময় ভেন্ডার্স গিল্ডের সঙ্গে ফেডারেশনের চুক্তি ছিল বিভিন্ন শর্তের বিনিময়ে। সেই শর্তগুলো ফেডারেশন কোনও সময় মানেনি। তাই জন্য ভেন্ডারস গিল্ড তাদের চুক্তি থেকে বেরিয়ে আসে। নানাভাবে ফেডারেশন কাজ করতে বাধা দিয়েছে। অনেক ভেন্ডারকে ব্যান করে রেখেছে। যেটার প্রতিবাদস্বরূপ চুক্তি ভেঙে দেওয়া হয়েছে এবং ভেন্ডাররা তাদের ইচ্ছামতো কাজ করছেন।’’ নাম প্রকাশে অনিচ্ছুক আরও কিছু মেকআপ শিল্পী ওয়েলফেয়ার ফান্ডের কথা বলে, টাকা তোলার বিষয়টির উল্লেখ করলেন। এখন হঠাৎ কেন, সেই টাকা ফেরত দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, তা নিয়ে অবাক গিল্ডের সদস্যরা।