বিশ্বের দূষণ বেড়েই চলেছে। বলা বাহুল্য সেই দূষণ তৃতীয় বিশ্বের দেশগুলোতেই সীমাহীন। এবার দূষণ নিয়ে একটা আন্তর্জাতিক সমীক্ষা প্রকাশ পেয়েছে। পাকিস্তানের বাতাসে সূক্ষ্ম কণা পিএম২.৫-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে ১৩ গুণ বেশি। দেশের নিরিখে পাকিস্তান শীর্ষে থাকলেও শহরের নিরিখে এই তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে ভারতের এক শহর।
সুইৎজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ার মঙ্গলবার সামনে এনেছে ২০২৫ সালে বিশ্বের দূষিত শহরের তালিকা। ১৪৩টি দেশের বাতাসের গুণমান বিচার করে তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। যেখানে দেখা গিয়েছে, বাতাসের গুণমানের বিচারে ১৪৩টি দেশের মধ্যে ১৩০টি দেশই ব্যর্থ হয়েছে। তালিকায় সবার উপরে থাকা পাকিস্তানের পর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এবং তৃতীয়স্থানে তাজাকিস্তান। অন্যদিকে, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ ছিল পশ্চিম আফ্রিকার দেশ ‘চাদ’।
এবছর তারা বিশ্বতালিকায় চতুর্থস্থানে নেমে এসেছে। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমা অনুযায়ী, বাতাসে পিএম২.৫ মান প্রতি ঘনমিটারে যদি ৫ মাইক্রোগ্রামের কম থাকে তবে সেই অঞ্চলের বাতাসকে স্বাস্থ্যসম্মত হিসেবে গণ্য করা হয়। সেখানে বিশ্বের মাত্র ১৩টি দেশ এই মান বজায় রাখতে সক্ষম হয়েছে। বাকি ১৩০টি দেশই এই মান পূরণে ব্যর্থ হয়েছে। দূষিত শহরের নিরিখে গোটা বিশ্বের মধ্যে শীর্ষে উঠে এসেছে মহারাষ্ট্রের শহর লোনি। এই শহরের পিএম২.৫-এর গড় মাত্রা দেখা গিয়েছে ১১২.৫ মাইক্রোগ্রাম। যা স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি।