প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই দিকে দিকে প্রার্থী নিয়ে বা প্রার্থীর বিধানসভা নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। বিজেপি, তৃণমূল তো বটেই বামেদের মতো শৃঙ্খলাবদ্ধ দলেও সেই প্রবনতা এবার দেখা গেছে। এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জীবনতলা এলাকা।
ভাঙড় নয়, শওকত মোল্লাকে প্রার্থী করতে হবে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকেই। এই নিয়ে তৃণমূল নেতা, বিধায়কের অনুগামীদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়াল। জীবনতলা এলাকায় শুরু হয় বিক্ষোভ। মঙ্গলবার রাত থেকে তৃণমূলের কর্মীদের একাংশ জীবনতলায় বিধায়কের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হয়। আজ, বুধবার সকাল থেকে ফের শুরু হয়েছে বিক্ষোভ, অবস্থান। তাঁদের দাবি, কোনওভাবেই শওকত মোল্লাকে ভাঙড়ে প্রার্থী করা যাবে না।
এই বিক্ষোভ সম্পর্কে মুখ খুলেছেন তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনার এই ডাকসাইটে নেতাও। গতকাল, মঙ্গলবার তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থীতালিকা প্রকাশ করেছে। একাধিক জেলায় প্রার্থী বদল হয়েছে। বিধায়কদের অনেকে টিকিট পাননি। এবার ৭৪ জন মুখ বদল হয়েছে শাসক দলের প্রার্থী তালিকায়। ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দীর্ঘদিনের বিধায়ক শওকত মোল্লা। ওই এলাকায় বাড়ি হওয়ায় ‘ভূমিপুত্র’ হিসেবেও তিনি পরিচিত। এদিকে দল তাঁকে বেশ কিছুদিন ধরে ভাঙড়ের দায়িত্বও দিয়েছে। ফলে এই মুহূর্তে ভাঙড়েও তাঁর প্রভাব রয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা যায়, ক্যানিং পূর্ব নয়, এবার শওকত মোল্লাকে প্রার্থী করা হয়েছে ভাঙড় থেকে। আর তারপরই ক্যানিং এলাকায় ক্ষোভ ছড়াতে থাকে।