সিপিএমকে তীব্র আক্রমন অভয়ার মার

শেষপর্যন্ত আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা ও বাবা সরাসরি রাজনৈতিক মঞ্চে পা দিলেন। বৃহস্পতিবার অভয়ার মা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এবার পানিহাটি থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন। আর তারপরেই তিনি সোজাসুজি আক্রমন করেন সিপিএমকে। সিপিএমের বিরুদ্ধে তাঁর মেয়ের মৃত্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগে সরব হয়েছেন অভয়ার বাবাও৷ এ দিন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা ঘোষণা করেছেন, তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হতে চান৷ অভয়ার মা জানান, নারীদের নিরাপত্তাহীনতা, তৃণমূলের দুর্নীতির সমূলে উপড়ে ফেলতেই তিনি বিজেপি-র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ 

একই সঙ্গে সিপিএমকে আক্রমণ করে অভয়ার মা বলেন, ‘সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে পায়ের তলার জমি শক্ত করে ভোট কাটাকাটি করে তৃণমূলকেই জেতানোর চেষ্টা করছে, তাতে মনে হয়েছে আমার এই আন্দোলনে আসা দরকার৷ তাই আমি গতকাল নিজেই ফোন করে জানিয়েছি প্রার্থী হতে চাই৷’একই সুরে অভয়ার বাবাও সিপিএমকে নিশানা করে বলেন, ‘মেয়ের বিচারের স্বার্থে কেউ আন্দোলন করেনি৷ প্রথম থেকেই তাঁদের উদ্দেশ্য ছিল খারাপ৷ আমার মেয়ের মৃত্যুকে তারা রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে৷ কেউ খোঁজ নেয়না আমরা কেমন আছি৷ ৯ অগাস্ট ২০২৪-এর ছবি ব্যবহার করা হচ্ছে নিজেদের ভোট প্রচারের জন্য৷ এরা ভাবে না ওই ছবি আবার দেখলে একজন বাবা মায়ের মনের কী পরিস্থিতি হতে পারে৷ বাবা মায়ের কী অবস্থা ওরা কেউ জানার চেষ্টা করেনি৷’ ভোট কাটাকাটির অঙ্কে বামপন্থীরাই তৃণমূলকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে বলেও অভিযোগ করেছেন অভয়ার বাবা৷ তিনি বলেন, ‘৩৪ বছর শাসন করে বামপন্থীরা চলে গিয়েছে৷ কিন্তু ভোট কাটাকাটি করে তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য বামপন্থীদের বিরাট অবদান আছে৷ আমাদের এখানে শেষ লোকসভা ভোটেও তৃণমূল এই ভোট কাটাকাটির জন্যই জিতেছে৷ বরানগর কেন্দ্রেও উপনির্বাচনে সজল ঘোষ একই কারণে পরাজিত হয়েছিলেন৷' প্রশ্ন উঠেছে, তার মানে কি বিজেপি আর তৃণমূল ছাড়া বাকি দলগুলোকে নিজেদের দল বন্ধ করে দিতে বলছেন। সিপিএম বলছে, উনি একটু বড়ো রাজনৈতিক বিশ্লেষক হয়ে গেছেন।

Post a Comment

Previous Post Next Post