সারা বিশ্ব তাকিয়ে ছিল এই দুই মুসলিম প্রতিবেশি রাষ্ট্রের দিকে - যারা বেশ কিছুদিন ধরেই নিজেদের মধ্যে যুদ্ধে ব্যস্ত। রমজান মাস ধরে একে অপরকে আক্রমন করেই চলেছে। আফগানিস্তানের বিরুদ্ধে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা করল পাকিস্তান। সহমত আফগানিস্তানও। মুসলিমদের পবিত্র মাস রমজান শেষ হওয়ার উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান বুধবার সংঘর্ষে একটি “অস্থায়ী বিরতি” ঘোষণা করেছে। সরকারি মুখপাত্র জাবিউল্লাহ জানান, সৌদি আরব, কাতার এবং তুরস্কের অনুরোধে কাবুল ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযান’-এ সাময়িকভাবে বিরতি দিচ্ছে।
রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক মাধ্যমে বলেন, বুধবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে তারার এও বলেছেন, যদি কোনও সীমান্তপারের হামলা, ড্রোন হামলা বা পাকিস্তানের ভিতর কোনও সন্ত্রাসী ঘটনা ঘটে, তবে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অবিলম্বে ফের জোরদারভাবে শুরু হবে।