'তৃণমূল অ্যান্টি উত্তরবঙ্গ পার্টি, ১৫ বছরের পাই পাই হিসেব দিতে হবে', শিলিগুড়ির সভা থেকে মোদি



শিলিগুড়ি : বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। ভোটের মুখে সেই উত্তরবঙ্গেরই শিলিগুড়িতে সভা করে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন। একুশের বিধানসভা ভোট হোক কিংবা ২৪-এর লোকসভা নির্বাচন, বিজেপিকে দু'হাত ভরে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। এবারও সেখানে জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার শিলিগুড়িতে ভোটের প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে নিশানা করলেন তৃণমূলকে।

রবিবার শিলিগুড়ির সভায় মোদি বলেছেন, 'শিলিগুড়ি উত্তরবঙ্গের গেটওয়ে। কিন্তু তৃণমূল উত্তরবঙ্গের পরিকাঠামো ইচ্ছা করে পিছিয়ে রেখেছে। যোগাযোগ ব্যবস্থা, শিল্প, ট্য়ুরিজম, সব সেক্টরে উপেক্ষাই পেয়েছেন আপনারা। কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছে, সেটাও সিন্ডিকেট লুঠ করেছে।' গত বছর প্রবল বৃষ্টি-ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই সময় কলকাতায় দুর্গোপুজোর কার্নিভাল আয়োজনের প্রসঙ্গ টেনে, এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'তৃণমূলের নির্মম সরকারের বাজেটও উত্তরবঙ্গের সঙ্গে ভেদাভেদের উদাহরণ। নির্মম সরকার মাদ্রাসার জন্য প্রায় ৬ হাজার কোটি বরাদ্দ করেছে। যখন উত্তরবঙ্গের অনেক জেলা ভারী বৃষ্টিতে তছনছ হয়ে গেছে, চারদিকে হাহাকার, তখন তৃণমূলের নির্মম সরকার কলকাতায় উৎসব করছিল।' 

এখানেই থামেননি মোদি। শিলিগুড়ির সভা থেকে কড়া ভাষায় আরও আক্রমণ শানিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। গতকাল মোদি বলেন, 'তৃণমূল অ্যান্টি উত্তরবঙ্গ পার্টি, তৃণমূল অ্যান্টি আদিবাসী পার্টি, তৃণমূল অ্যান্টি চা বাগান পার্টি, তৃণমূল মহিলা আর যুব বিরোধী পার্টি। তৃণমূল কান খুলে শুনে নাও ৪ মে-র পর বিজেপির সরকার তৈরি হবে। আর তৃণমূলকে ১৫ বছরের প্রতি মুহূর্তের হিসাব দিতে হবে। পাই পাই হিসাব দিতে হবে।' এর পাশাপাশি ভোটপ্রচারে রাজ্যে এসে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল নারী নিরাপত্তার প্রসঙ্গ। রবিবার শিলিগুড়ির সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, 'ধর্ষণ হোক, অত্যাচার হোক, বিজেপি সরকার সব মামলায় ন্যায় বিচার দিয়েই ছাড়বে।' 

Post a Comment

Previous Post Next Post