শ্লীলতাহানির অভিযোগে পাণ্ডবেশ্বরে গ্রেফতার বিজেপি নেতা প্রহ্লাদ শাও

দুর্গাপুর: ভোটের মুখে তপ্ত পাণ্ডবেশ্বর! এবার খোদ বিজেপি নেতার বিরুদ্ধে উঠল শ্লীলতাহানি এবং মারধরের গুরুতর অভিযোগ। তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলায় এক গৃহবধূ ও তাঁর নাবালিকা কন্যাকে চড় মারার অভিযোগ উঠল বিজেপি নেতা প্রহ্লাদ শাহের বিরুদ্ধে। রেহাই পাননি ওই মহিলার স্বামীও। উত্তপ্ত পরিস্থিতির মাঝেই গতকাল রাতে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনার সূত্রপাত গতকাল সকাল ১০টা নাগাদ। পাণ্ডবেশ্বরের বাঙালপাড়া এলাকার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীর বাড়িতে বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচনী প্রচারে যান। অভিযোগকারিণীর দাবি, বিজেপি নেতারা তাঁকে পদ্ম শিবিরে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু শ্রাবণী দেবী স্পষ্ট জানিয়ে দেন, তিনি তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন। তৃণমূলকে ভোট দেওয়ার কথা শোনামাত্রই মেজাজ হারান বিজেপি নেতা প্রহ্লাদ শাহ।প্রকাশ্য দিবালোকে শ্রাবণী চক্রবর্তী এবং তাঁর ছোট মেয়ের গালে সজোরে চড় মারা হয়।প্রতিবাদ করতে এলে ওই মহিলার স্বামীকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলেও থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
ঘটনার পরই আতঙ্কিত পরিবার পাণ্ডবেশ্বর থানার দ্বারস্থ হয়। শ্রাবণী চক্রবর্তীর লিখিত অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। গতকাল রাতেই অভিযুক্ত বিজেপি নেতা প্রহ্লাদ শাহকে (সাউ) তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এখন সাধারণ মানুষের ওপর হাত তুলছে। অপরাধমূলক কাজকর্ম করছে বিজেপির কর্মীরা। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছে। আজ ধৃত নেতাকে আদালতে তোলা হবে। ভোটের আগে এই গ্রেফতারি পাণ্ডবেশ্বরের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Post a Comment

Previous Post Next Post