পশ্চিম এশিয়ার যুদ্ধ প্রায় শেষ করে এনেছি - ট্রাম্প

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রীতিমত নাটক করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এক এক সময় তিনি এক এক কথা বলেছেন। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি বৈঠক ব্যর্থ হয়েছে, তার পরেই ট্রাম্প বললেন -' যুদ্ধ প্রায় শেষ করে এনেছি। মধ্যপ্রাচ্যে চলা উত্তেজনার মধ্যেই দ্বিতীয়বার ইরানের সঙ্গে বৈঠকে বসতে পারে আমেরিকা। উল্লেখ্য বিষয় হল, এমন একটি সময়ে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন, যখন ইরানের বন্দরগুলিতে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌসেনা অবরোধ শুরু করেছে। ইসলামাবাদে আগের শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পরেই এই অবরোধ শুরু করেছে আমেরিকা। 

ওয়াশিংটনের এই চালের ফলে গতকাল ইরানের বন্দর থেকে কোনও জাহাজ ছাড়েনি। বেশ কয়েকটি জাহাজ ইরানের জলসীমা থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। যুদ্ধ শেষ হচ্ছে বার্তা দিয়েও ট্রাম্প জানান, আমেরিকা এখনও এই যুদ্ধ থামায়নি। তিনি বলেন, “এখন যদি আমরা সরে যাই, তবে ইরানের সেই দেশ পুনর্গঠন করতে ২০ বছর লেগে যাবে। আমরা এখনও শেষ করিনি। দেখা যাক কী হয়। আমার মনে হয় তারা চুক্তি করতে খুবই আগ্রহী।” মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা আগামী দু’দিনের মধ্যেই হতে পারে এবং তা ইসলামাবাদেই হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম দফার আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও সমাধান না হওয়ায় তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Post a Comment

Previous Post Next Post