ভোটের মুখে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ দিল কমিশন! তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে এমনই অভিযোগ করা হয়েছে। তাঁদের কথায়, পরাজয় নিশ্চিত বুঝে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি।
চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধে। শান্তিপূর্ণ ভোটের স্বার্থে ইতিমধ্যেই রাজ্যের পুলিশ-প্রশাসনে একাধিক রদবদল করেছে কমিশন। তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। এরই মাঝে প্রকাশ্যে কমিশনের একটি হোয়াটসঅ্যাপ বার্তা। চ্যাটে দাবি করা হয়েছে, স্বাস্থ্যশিবিরের নামে টাকা সরানো হচ্ছে। সেই কারণে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সব নেতা-মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরার নাম। মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেন কোনওভাবেই এই দুজনের গাড়ি চেকিংয়ের আওয়ার বাইরে না যায়। সেই মেসেজের স্ক্রিনশট তুলে ধরেই কমিশনকে একহাত নিয়েছে তৃণমূল।