দুর্গাপুজো কমিটিগুলো এ বছরেও সরকারি অনুদান পাবে? বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর



কলকাতা ও শহরতলির দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক সাহায্য দেওয়ার প্রথা শুরু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরোত্তর অনুদানের পরিমাণ বেড়েছে প্রতি বছর। রাজ্যে পালাবদলের পরেও দুর্গাপুজো কমিটিগুলো কি সেই অনুদান পাবে? বিভিন্ন মহলে বার বার চলেছে এই আলোচনা। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুদান দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রয়োজনীয়তার উপর নির্ভর করেই এই অনুদান দেওয়ার বিষয়টি নির্ধারিত হবে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। এ দিন শুভেন্দু বলেন, ‘সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, তাদের অনুদান দেওয়ার প্রয়োজন নেই। যাদের অর্থের প্রয়োজন, যারা অর্থ ছাড়া পুজো করতে পারবে না, তাদের পাশে সরকার থাকবে। আরও বেশি সংখ্যক দুর্গাপুজো হবে।’
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়ার বিষয়টি শুরু হয়েছিল। প্রথম বছর কমিটিগুলোকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল। এর পরে ধাপে ধাপে বেড়েছে অনুদানের টাকার অঙ্ক। গত বছর পুজো কমিটিগুলোকে দেওয়া হয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকা। তবে শুধু পুজো কমিটিগুলোকে অনুদান নয়, এর পাশাপাশি বিদ্যুতের মাসুলেও গত বছর ৮০ শতাংশ ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল।
তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দুর্গাপুজোর জন্য অনুদানের বিষয়টি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। তাঁর কথায়, ‘এই বিষয় নিয়ে আমরা এখনও আলোচনা শুরু করিনি। তথ্য সংস্কৃতি দপ্তর আমার হাতে আছে। আমার সঙ্গে রাষ্ট্রমন্ত্রী আছেন। আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব।’ পুজোর আগেই এই বিষয়টি নিয়ে নির্দিষ্ট সিদ্বান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post