সোমবার ইডির তরফে ওই চার্জশিট জমা করা হয়। সেখানেই মারাত্মক দাবি জানানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, গ্রুপ সি পদে চাকরির জন্য ১৫-১৬ লক্ষ টাকা দিতে হয়েছে। গ্রুপ ডি পদে চাকরি পেতে সেই টাকার অঙ্ক কিছু কম। গ্রুপ ডি পদে চাকরি পিছু রেট ছিল ১০ থেকে ১২ লক্ষ টাকা। তদন্তকারীরা আরও জানিয়েছেন, টাকা নিয়ে র্যাঙ্ক জাম্প করানো হত। ওএমআর শিটও জাল করানো হয়েছে!
এদিন তৃণমূল আমলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে চার্জশিট জমা দিয়েছে ইডি। এছাড়াও চার্জশিটে দুর্নীতিতে মিডলম্যানের ভূমিকায় থাকা কুন্তল ঘোষ, প্রসন্ন রায়ের নামও রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় প্রায় সাড়ে ৩ বছর জেলে থেকেছেন। গত নভেম্বর মাসে অবশেষে তিনি সব মামলায় জামিন পেয়ে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন। তবে এবার ইডির এই চার্জশিটে ফের তাঁরা বিপাকে পড়তে পারেন! এমনই আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।