খাস কলকাতায় স্কুলের এমন ব্যবস্থা দেখে অবাক হতে হয়



খাস কলকাতায় স্কুলের এমন ব্যবস্থা দেখে অবাক হতে হয় 

  বাংলার স্কুল শিক্ষার অবস্থা যে বিশেষ ভালো না, তা আমরা জানি। আমরা এটাও জানি সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে। তাইবলে মাত্র একজন পড়ুয়া? সত্যি বিষয়টা ভাবাচ্ছে শিক্ষাবিদদের। হ্যাঁ, বেহালা আদর্শ নিকেতনের। স্কুলে ঢুকে চমকে উঠতে হয়। সরকারি প্রাথমিক স্কুল। দরজা খুললে একে একে চোখে পড়বে অফিসঘর, ক্লাসরুম। সে সব ঘরে আছে চেয়ার, টেবিল, নেই শিক্ষক। আছে বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, নেই ছাত্র বা ছাত্রী। একগুচ্ছ ফ্যান ধুলোর স্তরে ঢাকা। সিলিং থেকে খুলে মেঝেতে রাখা। খাস কলকাতার সরকারি স্কুলে দিনের পর দিন এভাবেই চলছে। পূর্বতন সরকারের আমলে রাজ্যের একাধিক সরকারি স্কুলের বেহাল দশার ছবি সামনে এসেছে। সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্নীতির জালে আটকে গিয়েছে নিয়োগ, পঠনপাঠনের হতশ্রী দশায় একে একে স্কুল ছেড়েছে পড়ুয়ারা। বেহালার রায়বাহাদুর রোডের বেহালা আদর্শ শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের এই অবস্থায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারাও।

  ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা মাত্র একজন, আর শিক্ষকও রয়েছেন মাত্র একজন। অভিযোগ, স্কুলে নিয়মিত পঠনপাঠনের পরিবেশ কার্যত নেই। স্কুলে গিয়ে কোনো ছাত্রের দেখা পাওয়া যায় নি। 
উপস্থিত ছিলেন একজন শিক্ষক। ক্যামেরা দেখে, তিনি কোনও কথা বলতে চাননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই শিক্ষক প্রতিদিন সকাল ১০টা নাগাদ স্কুলে যান এবং কয়েক ঘণ্টা থাকার পর বাড়ি চলে যান। এমনকী মাত্র একজন ছাত্রের জন্যই মিড ডে মিল যায় স্কুলে। প্রশ্ন উঠছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন পরিস্থিতি কেন? দীর্ঘদিন ধরে স্কুলের পরিকাঠামো ও পঠনপাঠনের পরিবেশ উন্নত না হওয়ায় কি অভিভাবকেরা সন্তানদের অন্যত্র ভর্তি করছেন?

Post a Comment

Previous Post Next Post