জন্মাষ্টমীর আগের দিন থেকেই চাকলার লোকনাথধামে ভিড় বাড়ে। এবছর ৪ সেপ্টেম্বর কৃষ্ণের জন্মোৎসব পালিত হবে। তার আগের দিন অর্থাৎ ৩ তারিখ থেকেই উত্তর ২৪ পরগনা ছাড়াও কলকাতা, হুগলি-সহ বিভিন্ন জেলা থেকে গঙ্গার জল নিয়ে ভক্তরা মন্দিরে আসবেন। ফলে যশোর রোড, টাকি রোড ও বারাসত-বারাকপুর রোডে যানবাহনের চাপ বাড়ে। নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে তাই বাড়তি প্রস্তুতি নিতে হয় প্রশাসনকে। এ নিয়ে শুক্রবার মন্দির কমিটির সঙ্গে বৈঠক করেন বারাসতের এসডিও-সহ পুলিশ আধিকারিকরা।
নন্দোৎসবের সময় ভিড় সামলানো, যান নিয়ন্ত্রণ ও পুণ্যার্থীদের নিরাপত্তার পাশাপাশি প্রস্তাবিত হেলিকপ্টার ওড়ানোর পাশাপাশি নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।তবে প্রয়োজনীয় সরকারি অনুমতি এখনও মেলেনি। তা পেতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে মন্দির কমিটিকে জানিয়েছেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। মন্দির কমিটির চেয়ারম্যান নবকুমার দাস বলেন, “খাদ্যমন্ত্রীর উদ্যোগে ৩ সেপ্টেম্বর চাকলায় পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা হয়েছে।”