হুগলি: হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে পরিষেবা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে আচমকা হাজির হয়ে আউটডোর পরিষেবা, রোগীদের ভোগান্তি এবং হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের সময়ই কর্তৃপক্ষকে একাধিক নির্দেশ দেন মন্ত্রী।
বৃহস্পতিবার কোনও পূর্বঘোষণা ছাড়াই ইমামবাড়া জেলা হাসপাতালে পৌঁছে যান সুমনা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আউটডোর এবং রান্নাঘর ঘুরে দেখেন তিনি। রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গেও কথা বলে চিকিৎসা পরিষেবা নিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা জানতে চান।
পরিদর্শনে আউটডোর পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে রোগীদের— এমন অভিযোগও মন্ত্রীর কাছে পৌঁছয়। পরিস্থিতি দেখে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেন তিনি। রোগীদের যাতে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে না হয়, সে বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেন সুমনা।
একই সঙ্গে ‘কথায় কথায় রেফার’ নিয়েও কড়া বার্তা দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তাঁর নির্দেশ, প্রয়োজন ছাড়া রোগীদের অন্য হাসপাতালে পাঠানো যাবে না। রোগীকে গুরুত্ব দিয়ে পরীক্ষা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসকদের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগীদের সুবিধার দিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। হাসপাতাল পরিদর্শনের পর সুমনা জানান, ইমামবাড়া হাসপাতাল নিয়ে তাঁর কাছে বারবার অভিযোগ এসেছে। সেই অভিযোগের ভিত্তিতেই আচমকা পরিদর্শনে এসেছিলেন তিনি।
হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল জানান, এ ধরনের সারপ্রাইজ় ভিজিট হলে হাসপাতাল কর্তৃপক্ষ আরও সতর্ক থাকবে। রোগী স্থানান্তরের নিয়ম এবং চিকিৎসকদের ভূমিকা নিয়েও প্রয়োজনীয় আলোচনা করা হবে বলে জানান তিনি।
স্বাস্থ্য পরিষেবায় অব্যবস্থা দূর করতে একের পর এক সরকারি হাসপাতালে আচমকা পরিদর্শন করছেন সুমনা। এর আগে কল্যাণীর জেএনএম হাসপাতালেও সারপ্রাইজ় ভিজিট করে পরিষেবা ও পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।