মালিক দ্রাবিড়, মেন্টর ও কোচ অশ্বিন! বিদেশের লিগে জোড়া দায়িত্ব সামলাবেন ভারতের প্রাক্তন স্পিনার


ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন তারকা রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিনকে ফের একসঙ্গে দেখা যাবে ক্রিকেটের মঞ্চে। তবে এ বার ভারতের জার্সিতে নয়, ইউরোপের টি-টোয়েন্টি লিগে। রাহুল দ্রাবিড়ের মালিকানাধীন ডাবলিন গার্ডিয়ান্সের অধিনায়ক ও মেন্টর—দুই দায়িত্বই সামলাবেন অশ্বিন।
আগামী ২৬ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম মরসুম। ছয় দলের এই প্রতিযোগিতায় ডাবলিন ছাড়াও আমস্টারডাম, বেলফাস্ট, এডিনবরা, গ্লাসগো ও রটারডাম শহরের দল রয়েছে।
ডাবলিন গার্ডিয়ান্সের মালিক হিসেবে থাকছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ দ্রাবিড়। তবে দলের ক্রিকেটীয় সিদ্ধান্তে তিনি সরাসরি হস্তক্ষেপ করতে চান না। বরং অশ্বিনকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার পক্ষপাতী তিনি। দ্রাবিড় জানিয়েছেন, তাঁর মূল দায়িত্ব থাকবে ফ্র্যাঞ্চাইজির মাঠের বাইরের বিষয়গুলি সামলানো এবং এমন একটি দল তৈরি করা, যা ক্রিকেটীয় দিক থেকে অশ্বিন ও সাপোর্ট স্টাফরা পরিচালনা করতে পারবেন।
অন্য দিকে, অধিনায়ক এবং মেন্টর—দুই ভূমিকাতেই বড় দায়িত্ব নিতে চলেছেন অশ্বিন। দল গঠন থেকে শুরু করে মাঠের কৌশল, ক্রিকেটীয় পরিকল্পনা—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁর। অশ্বিন নিজেও জানিয়েছেন, দ্রাবিড় ক্রিকেটীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নেওয়ার পর বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অশ্বিনের এটি নতুন অধ্যায়। ২০২৬ সালের মেজর লিগ ক্রিকেটেও সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলছেন তিনি। এবার ইউরোপের মাটিতে নেতৃত্ব ও মেন্টরশিপ—দুই দায়িত্বই তাঁর সামনে।
দ্রাবিড়-অশ্বিন জুটির এই নতুন অধ্যায়ের দিকে তাই স্বাভাবিক ভাবেই নজর থাকবে ক্রিকেটমহলের। ভারতের জাতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের অধীনে খেলা অশ্বিন এ বার তাঁরই মালিকানাধীন দলের ক্রিকেটীয় নেতৃত্ব দেবেন। ইউরোপে নতুন এই লিগকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি স্থানীয় প্রতিভা তুলে আনার লক্ষ্যও রয়েছে প্রতিযোগিতাটির।

Post a Comment

Previous Post Next Post