২১ জুলাইয়ের পর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতেও জট! সভা করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ কালীঘাটপন্থীরা


২১ জুলাইয়ের কর্মসূচির পর এ বার তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়েও আইনি জটিলতা তৈরি হল। আগামী ২৮ অগস্ট প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার মেয়ো রোডে সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী টিএমসিপি। সোমবার আদালতে বিষয়টি উত্থাপন করা হয়। মামলাটির জরুরি শুনানির আবেদনও জানানো হয়েছে।
কালীঘাটপন্থী শিবিরের হয়ে আইনজীবী অর্ককুমার নাগ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি জানান। তাঁদের দাবি, সভার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। পরে ৩ অগস্ট এবং ৭ অগস্ট পুলিশের কাছে বিষয়টি জানতে চাওয়া হলেও কোনও উত্তর মেলেনি। সেই কারণেই শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান আইনজীবী।
প্রতি বছরই কলকাতার মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের বড় কর্মসূচি হয়ে থাকে। এ বার অবশ্য তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় পরিস্থিতি অন্য রকম। নির্বাচনের পর দল একাধিক শিবিরে বিভক্ত হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ফলে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
এর আগে ২১ জুলাইয়ের কর্মসূচিও পৃথক ভাবে পালন করেছিল বিভিন্ন শিবির। ফলে প্রতিষ্ঠা দিবসের সভা কোন গোষ্ঠী কোথায় করবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কালীঘাটপন্থী শিবির অবশ্য এ বারও মেয়ো রোডেই নিজেদের কর্মসূচি করতে চাইছে।
এখন আদালত পুলিশের অবস্থান কী, তা জানার পর সভার অনুমতি সংক্রান্ত বিষয়ে কী নির্দেশ দেয়, সে দিকেই নজর রাজনৈতিক মহলের। আগামী বুধবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post