অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...



কলকাতা : অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে প্রচারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এদিকে ভারী বৃষ্টিতে জেলায় জল-যন্ত্রণার মুখে পড়েছেন অনেকে। এই পরিস্থিতিতে বিধায়কদের নিজেদের এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর আগে বিধায়কদের নিজেদের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা। রাজ্য বিজেপি সরকারের এই সমাজ-কল্যাণমূলক প্রকল্প সাড়া ফেলে দিয়েছে। গত বিধানসভা নির্বাচনের প্রচারকালে দেওয়া প্রতিশ্রুতিমতোই প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে ৩ হাজার টাকা। তবে, এক্ষেত্রে একাধিক মাপকাঠির ভিত্তিতে যোগ্য প্রাপকের তালিকা তৈরি করেছে সরকার। সেই অনুযায়ীই টাকা যাচ্ছে। এবারের কিস্তির টাকা ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত দেওয়া হচ্ছে।

কালকের মধ্যে টাকা না ঢুকলে কী করবেন ?

সেইমতো কালকের মধ্যে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। কিন্তু, যোগ্য হওয়া স্বত্ত্বেও অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কী করবেন ? তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মহাজাতি সদনের অনুষ্ঠানমঞ্চ থেকে এই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, "২০ তারিখ থেকে একটি পোর্টাল চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে... যদি মনে করেন যে, অনুপযুক্ত কেউ এই অর্থ পেয়েছেন, আপত্তি দিতে পারেন। আর আবেদন করেছেন...আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে ২০ তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটার নিষ্পত্তি করতে থাকব। আমাদের দফতর করতে থাকবে।"

শুধু তা-ই নয়, যোগ্য হওয়া স্বত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না ঢুকলে, সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট মহিলার কাছে পৌঁছে যাবেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। এর পাশাপাশি আর একটা প্রশ্নও অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে, এক্ষেত্রে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? এ বিষয়টি স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, "মহিলা মোর্চার দায়িত্ব, উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়... আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেক মা-বোন-দিদির কাছে গিয়ে...আপনারা ১০ জুলাই, ২০২৬ পর্যন্ত আবেদনকারীদের মধ্যে যদি উপযুক্ত কেউ বঞ্চিত হন, নতুন ফর্ম ফিলআপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর-অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন।" 

Post a Comment

Previous Post Next Post