শিলিগুড়ির উত্তরকন্যার কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য নির্ধারিত হেলিপ্যাডে ‘আর্মি’ লেখা গাড়ি নিয়ে ঢুকে পড়লেন তৃণমূল নেতার ছেলে। এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হেলিপ্যাড চত্বরে। অভিযুক্ত যুবক ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দিলীপ রায়ের ছেলে বাপি রায়। সোমবার তিনি একটি আর্মি লেখা গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়েন হেলিপ্যাড গ্রাউন্ডে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের তর্ক-বিতর্ক শুরু হয়।
সোমবার বিপর্যয় মোকাবিলা নিয়ে উত্তরকন্যায় বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর জন্য নির্ধারিত হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই সময় গাড়ি নিয়ে ওই হেলিপ্যাডে ঢুকে পড়েন বাপি রায়। তাঁকে দেখে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। বাপিকে বাধা দেন তাঁরা। রীতিমতো গাড়িটিকে ঘিরে ফেলেন বিজেপি কর্মী-সমর্থকরা। এই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের তর্ক-বিতর্ক শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ গাড়িটিকে কোনভাবে ঘটনাস্থল থেকে বের করার চেষ্টা করে। কিন্তু এক বিজেপি কর্মী দলীয় পতাকা লাগানো বাঁশ নিয়ে গাড়ির পেছনের কাচে আঘাত করে। এরপর ঘটনাকে কেন্দ্র করে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশের সাথে তুমুল বচসা শুরু হয় বিজেপি কর্মীদের৷
যদিও, ঘটনার পরই মুখ্যমন্ত্রী সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করে। উত্তরকন্যা ছাড়ার আগেই হেলিকপ্টার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে উড়ে যায়৷ যেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় থাকার কথা সেই জায়গায় কীভাবে একটি গাড়ি আচমকা এভাবে ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে।